Wednesday, December 28, 2011

খেজুর গুড়ের পিঠাপুলি

খেজুরের গুড়-রস আর নতুন চাল দিয়ে তৈরি করুন মজাদার পিঠাপুলি। রেসিপি দিয়েছেন শাহরিয়া আতিক সুমি
সূর্যমুখী পিঠা

উপকরণ: পোলাও চালের গুঁঁড়া ২০০ গ্রাম, খেজুরের গুড় বা রস পরিমাণমতো, লবণ স্বাদমতো, মাওয়া ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, সয়াবিন তেল ১ কাপ, খোয়া ক্ষীর আধা কাপ, রস ২ কাপ।

যেভাবে তৈরি করবেন:
১. চালের গুঁড়া সিদ্ধ করে নিন।
২. খোয়া ক্ষীর ও মাওয়া একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করে নিন।
৩. সিদ্ধ করা কাই থেকে রুটি বানিয়ে ভেতরে পুর দিয়ে সূর্যমুখীর মতো কেটে নিন।
৪. এরপর ডুবো তেলে ভেজে রসে ভিজিয়ে পরিবেশন করুন।

দুধ তক্তি

উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ ১ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়া-আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন:
১. প্রথমে চালের গুঁড়া শুকনো খোলায় ভেজে নিন।
২. এরপর দুধ জ্বাল দিয়ে চিনি দিন। একটু আঠালো হলে চালের গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।
৩. বরফি বা ডাইস দিয়ে কেটে পরিবেশন করুন।

চন্দ্রপুলি


উপকরণ: আতপ চালের গুঁড়া ২০০ গ্রাম, গুড় বা খেজুরের রস পরিমাণমতো, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:
১. চালের গুঁড়া সিদ্ধ করে ঘি দিয়ে ময়ান করে নিন।
২. রস জ্বাল দিয়ে নিন।
৩. কাই থেকে একটু মোটা করে রুটি বেলে চাঁদের মতো কেটে ডুবো তেলে ভেজে রসের মধ্যে দিন।
৪. রসে ভেজানোর ২-৩ ঘণ্টা পর পরিবেশন করুন।

রস পাকন

উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, চিনি ২ কাপ, গমের আটা
আধা কাপ, দুধ ১ লিটার, সয়াবিন তেল ১ কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন:
১. প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া, গমের আটা, দুধ, এলাচ গুঁড়া নিয়ে গোলা তৈরি করে নিন।
২. চিনি ও ২ কাপ পানি দিয়ে সিরা তৈরি করে নিন।
৩. গোলা থেকে পাকন তৈরি করে ডুবো তেলে ভেজে নিন।
৪. সিরার রসের মধ্যে ভিজিয়ে পরিবেশন করুন।

রসে দুধপুলি

উপকরণ: চালের গুঁড়া ৩ কাপ, গুড় ২ কাপ, তিল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, নারিকেল কোরা আধা কাপ, তরল দুধ ১ লিটার, এলাচ তিনটি, দারচিনি ২টি, লবণ স্বাদমতো, খেজুরের রস আধা লিটার।

যেভাবে তৈরি করবেন:
১. চালের গুঁড়া ও লবণ দিয়ে কাই করে রুটির মতো বেলে নিন ।
২. গুড়, তিল, নারিকেল কোরা একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করুন।
৩. রুটির মধ্যে পুর ভরে ভাঁজ করে নিন।
৪. অন্য পাত্রে তরল দুধ, এলাচ ও দারচিনি একসঙ্গে জ্বাল দিন।
৫. কিছুক্ষণ পর পিঠাগুলো দিন।
৬. ১০ মিনিট পর নামিয়ে নিন।

শাহি ভাপা পিঠা

উপকরণ: আতপ চালের গুঁড়া ৩ কাপ, গুড় আধা কাপ, মাওয়া আধা কাপ, নারিকেল কোরা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, ঘি ৩ চা চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন:
১. চালের গুঁড়ার সঙ্গে লবণ ও পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে ভালো করে চালনিতে চেলে নিন, যেন দলা না বাঁধে।
২. এরপর একটা পাত্রে চালের গুঁড়া, চিনি, মাওয়া, নারিকেল কোরা, কাজুবাদাম কুচি, কিশমিশ ও ঘি দিয়ে এর ওপরে আবার চালের গুঁড়া দিয়ে উল্টিয়ে ভাপে দিন।
৩. ৫-৭ মিনিট পর নামিয়ে নিন।

লাচ্চা পরোটা


উপকরণ : ময়দা ২ কাপ, দুধ পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ, ডিম ১টা, চিনি ২ চা চামচ, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি ও ৩ চা চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে দুধ দিতে হবে, পানি দেওয়া যাবে না। খামির মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর পরোটা বেলে পাখার মতো ভাঁজ করে পেঁচাতে হবে, এর পর হালকা করে বেলে ডুবো তেলে ভেজে ফেলুন।