Friday, November 30, 2018

সম্রাট আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত


কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেম। বাংলাদেশে মূলত গরু ও খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে আরটিভি অনলাইনের বিশেষ রেসিপির তালিকায় আজ থাকলো মোঘল সম্রাট আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত। 'আইন-ই-আকবরি'তে আবুল ফজল লিখেছিলেন, একদিন আকবরের প্রধান বাবুর্চি নবাবকে নতুন কিছু খাওয়াবেন বলে নিজের মনমতো এই রান্নাটি করেছিলেন। একবার খেয়েই রান্নাটির প্রেমে পড়ে যান সম্রাট। আকবরের নামেই রান্নাটির নামকরণ হয় ‘আকবর-ই-গোস্ত’।

রান্নায় যা লাগবে
খাসির মাংস- ৫০০ গ্রাম, পেঁয়াজ ২টা কুচি কুচি করে কাটা, আদা বাটা- ২ চা চামচ, স্বাদমতো লবণ, লাল লঙ্কা গুঁড়া- ২ চা চামচ, ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ, পানি- ১ কাপ, হলুদ গুঁড়া- অর্ধেক চা চামচ, টমেটো- ২-৩টা কুচি কুচি করে কাটা, আদা কুচি- আধা চা চামচ, তেল- আধা কাপ, মসুর ডাল সিদ্ধ- আধা কাপ।

রান্না হবে যেভাবে
পানিতে পেঁয়াজ কুচি, আদা বাটা, লাল লঙ্কা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তারপর এই মিশ্রনটিকে আর পানির সাথে মাংসের টুকরোগুলো দিয়ে ১৬-২০ মিনিট সেদ্ধ করুন। টমেটো কুচি আর আদা দিন। ৫ মিনিট পর তেল দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। ঘন ঘন নাড়তে থাকুন। প্রয়োজন হলে ১-২ টেবিল চামচ পানি দিন যাতে নীচের দিকে ধরে না যায়। তেল ছাড়তে শুরু করলে ডাল সিদ্ধ মিশিয়ে আরও খানিকক্ষণ আঁচে রাখুন। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয়, ২০ আগস্ট ২০১৮

Monday, November 26, 2018

রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রাঁধবেন যেভাবে


অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের খাবারে মুড়িঘণ্টের প্রচলন নতুন নয়। মাছের মাথা দিয়ে রান্না সুস্বাদু এই খাবারটি অনেকেরই পছন্দের। চলুন জেনে নেই মুড়িঘণ্ট রান্না করার সহজ রেসিপি-

উপকরণ: ২ কেজি ওজনের রুই মাছের মাথা ১টি, পেঁয়াজ কুচি সিকি কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৮-১০টি, কারি পাউডার ১ চা-চামচ, আদা মিহি কুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টুকরা, লবণ পরিমাণমতো, তেজপাতা ২টি, আলু ছোট টুকরা আধা কাপ, পোলাওর চাল ৪ টেবিল-চামচ, মুগডাল আধা কাপ, তেল সিকি কাপ, ঘি সিকি কাপ, মেথি সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ।


প্রণালি: মুগডাল ও চাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরাতে হবে। মাছের মাথা ছোট টুকরা করে মাছের অংশ ও মুড়ো আলাদা করে রাখতে হবে। ৪ টেবিল চামচ ঘি গরম করে তাতে আলু ভেজে তুলে নিয়ে চাল ও ডাল ভাজতে হবে। অন্য পাত্রে তেল গরম করে মেথির ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ কুচি ভেজে সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে মাছের অংশ রেখে মুড়ো দিয়ে কষাতে হবে। এবার তাতে চাল, ডাল দিয়ে ডুবো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এই সময় লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ দিতে হবে।

মাছের মাথা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে মুড়োটা ভেঙে উঠিয়ে রেখে ওই হাঁড়িতে বাকি কাটা মাছ ও আলু দিয়ে কষিয়ে নিতে হবে। আবার মাছের মুড়ো ঢেলে দিয়ে ৫ থেকে ৬ কাপ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে। ঝোল কমে এলে চিনি, কারি পাউডার, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। চুলা থেকে নামিয়ে বাকি ঘি মুড়িঘণ্টের ওপর দিয়ে নেড়ে দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৪ অক্টোবর ২০১৮
জাগোনিউজ২৪.কম

Friday, November 23, 2018

ভিন্ন স্বাদের চিড়া পোলাও


সুগন্ধময় পোলাও খেতে সবাই ভালোবাসেন। সেটা রোজার ঈদ হোক আর ‍কুরবানি। তবে প্রচলিত রান্নার বাইরে গিয়ে এবার পোলাও রান্না করতে পারেন চিড়া দিয়ে। কি, চমকে গেলেন? চমকে যাবেন না। আরটিভি অনলাইনের দেয়া রেসিপি দেখে জেনে নিন ভিন্ন স্বাদের মজাদার চিড়া পোলাও রান্না করবেন যেভাবে।

রান্নায় যা লাগবে
চিড়া ১ কাপ, ডিম ২ টি, তেল ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচ কুচি ২-৩ টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, হলুদ আধা চা চামচ, তেজপাতা ২ টি, লবণ স্বাদ মতো।

যেভাবে রাঁধবেন
প্রথমে চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে সামান্য তেল গরম করে এর মধ্যে ডিমে ও লবণ দিয়ে ঝুরি করে উঠিয়ে নিন। এবার বাকি তেলগুলোর মধ্যে তেজপাতা, পেঁয়াজ ও বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

তারপর চিড়া দিয়ে ভালো করে নাড়ুন। এরপর ডিমের ঝুরি ও গরম মসলা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের চিড়া পোলাও।

রেসিপিটি প্রকাশিত হয়, ০১ সেপ্টেম্বর ২০১৮

Thursday, November 22, 2018

নিজেই রান্না করুন মুরগির রোস্ট


বাসায় বসে মুরগির রোস্ট রান্না করে খেতে ভীষণ ইচ্ছা করছে। কিন্তু রান্না করার মতো কেউ নেই। নিজেও কোনদিন রান্না করেন নি। ওদিকে খেতে হবেই, এমন অস্থিরতায় ভুগছেন। তবে দেরি কেন, ঝটপট রেসিপিটা পড়ুন আর হয়ে যান একজন রন্ধনশিল্পী।  নিজের হাতেই রান্না করে খেতে পারেন মজাদার মুরগির রোস্ট। জেনে নিন কিভাবে রান্না করবেন মুরগির রোস্ট?

উপকরণ:
আস্ত মুরগি- ১টি, আদা বাটা- ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি- ১ কাপ, রসুন বাটা- ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া- ২চা চামচ, টক দই- দেড় কাপ, ঘি- ২টেবিল চামচ, গরম মশলা গুঁড়া- আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ, জয়ফল গুঁড়া- ১টি পরিমাণ, তেল- ২চা কাপ, লবণ- পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী:
প্রথমে মুরগিটিকে কেটে চার ভাগ করে নিন। চাকু দিয়ে আলতো করে মাংস চিরে নিন। কড়াইতে তেল ঢালুন, তারপর গরম করে নিন। সামান্য লবণ মাখিয়ে গরম তেলে হালকা বাদামী করে ভেজে নিন। এরপর কড়াইতে পেঁয়াজ-কুচি ঢালুন। হালকা বাদামী হয়ে এলে, একে একে আদা বাটা, রসুন বাটা ও মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিন। এবার গরম মশলা, জয়ফল, জয়ত্রী দিয়ে মাংস ঢালুন। মশলার সঙ্গে মাংস ভালোভাবে নেড়ে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। পানি মোটামুটি শুকিয়ে এলে ঘি ছড়িয়ে দিন। তেল উপরে উঠে এলে চুলা বন্ধ করুন। এরপর পরিবেশন করুন। আকর্ষণীয় করে পরিবেশন করতে টমেটো, শসা নকশা করে কেটে রোস্টের সঙ্গে দিন।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৭ অক্টোবর ২০১৮

Friday, November 16, 2018

ঝটপট তৈরি করে ফেলুন মজাদার মিষ্টি কালোজাম


মিষ্টি কমবেশি সবারই পছন্দ। খাবারের পর ডেজার্ট হিসেবে বা নাশতার টেবিলে মিষ্টি জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন। বাড়িতে মেহমান আসলে মিষ্টির দোকানে না ছুটে নিজেই বাড়িতে তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের মিষ্টি। কালোজাম মিষ্টির সহজ একটি রেসিপি দেখে নিন। আর ঘরেই তৈরি করে ফেলুন মজাদার মিষ্টি কালোজাম। 

উপকরণ
ময়দা আধা কাপের চেয়ে একটু বেশি, গুঁড়া দুধ ২ কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ২ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, তরল দুধ ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, সিরার জন্য চিনি ৬ কাপ, পানি ৩ কাপ। 

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করুন। এরপর বাটিতে দুটো ডিমে ২ টেবিল চামচ তরল দুধ এবং ৩ টেবিল চামচ ঘি একসাথে খুব ভালো করে ফেটে নিতে হবে। এবার অন্য একটা প্লেটে গুঁড়া দুধ, ময়দা এবং ২ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিয়ে ফেটে রাখা ডিমের মিশ্রণটিতে ভালো করে মাখিয়ে নিন। হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে পছন্দের শেপ অনুযায়ী গোল গোল গোল্লা করে নিন। চুলায় তেল গরম করে গরম তেলে মিষ্টিগুলো ঢিমা আঁচে কালচে করে ভাজুন।


তবে এদিকে খেয়াল রাখতে হবে যেন চুলার জ্বাল বেড়ে না যায়। বেশি আঁচে ভাজলে মিষ্টিগুলো কাঁচা আর ভিতরে গুটির মতো শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে। এবার অন্য একটি কড়াইতে চিনি ও পানি দিয়ে মিষ্টির জন্য সিরা করে নিন। ভাজা মিষ্টিগুলো বলক ওঠা সিরায় ছেড়ে দিয়ে ৫-৬ মিনিটের জন্য রেখে দিন। মিডিয়াম আঁচে চুলার ওপর কিছুক্ষণ রাখুন।
এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে ২ ঘণ্টা ঢেকে রাখুন। ২ ঘণ্টা পর পরিবেশন করুন। আকর্ষণীয় উপায়ে পরিবেশন করতে কালোজামের ওপর মাওয়া ছড়িয়ে দিন।

রেসিপিটি প্রকাশিত হয়, ২১ অক্টোবর ২০১৮

Monday, November 12, 2018

ইলিশের মাথা দিয়ে কচুর শাক


কচুর শাকের রয়েছে নানা উপকারিতা। এটি খেতেও বেশ সুস্বাদু। ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্না একটি জনপ্রিয় খাবার। চাইলে রাঁধতে পারেন আপনিও। রইলো রেসিপি-

উপকরণ: কচুশাক- ২৫০ গ্রাম, ইলিশ মাছের মাথা- ২টি, পেঁয়াজ- ১টি, রসুন- ১টি (কোয়া ছাড়ানো), হলুদ, মরিচ ও লবণ- স্বাদমতো।

প্রণালি: কচুশাক সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ কুচি, রসুন, হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাছের মাথা কষিয়ে নিন। সেদ্ধ কচুশাক কষানো মাছে দিয়ে আস্তে আস্তে নাড়ুন। নামানোর আগে লেবুর রস দিয়ে দিন।

রেসিপিটি প্রকাশিত হয়, ১৫ সেপ্টেম্বর ২০১৮
জাগোনিউজ২৪.কম

Sunday, November 11, 2018

চিংড়ি খিচুড়ি রান্নার সহজ রেসিপি


খিচুড়ি খেতে কে না ভালোবাসে! এই খিচুড়ি হয় নানা স্বাদের। বিফ, মাটন, চিকেন কিংবা ইলিশ খিচুড়ি তো খাওয়া হলোই, এবার শিখে নিন চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপি-

উপকরণ: চাল- এক কাপ, মুগডাল- এক/দুই কাপ, শাহজিরা- এক/চার চা চামচ, পেঁয়াজ বাটা- এক/চার কাপ, আদা বাটা- এক টেবিল চামচ, গরম পানি- আড়াই কাপ, কাঁচা বাদাম- দুই টেবিল চামচ, রসুন বাটা- এক চা চামচ, কাঁচামরিচ বাটা- চার/পাঁচটি, লবণ- পরিমাণমতো, গরম মসলা, শুকনামরিচ গুঁড়া- এক চা চামচ, তেল বা ঘি -কোয়ার্টার কাপ, ছোট চিংড়ি ১০-১২টি।

প্রণালি: মুগডাল ও চাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে এক-দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। চুলায় পাত্রে তেল দিয়ে গরমমসলা ও আদা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ গুঁড়া, কাঁচামরিচ ও জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার চাল ও ডাল মিশিয়ে দিতে হবে। চাল, মসলাসহ চার-পাঁচ মিনিট ভেজে নিয়ে গরম পানি মেশাতে হবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। অর্ধেক সেদ্ধ যখন হবে তখন চিংড়িগুলো দিয়ে পানি শুকিয়ে এলে দমে বসিয়ে রাখতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ২৪ সেপ্টেম্বর ২০১৮
জাগোনিউজ২৪.কম