Thursday, January 31, 2019

চিকেন শাসলিক


উপকরণ:
মুরগির বুকের মাংস দুই কাপ, আদাবাটা এক চা চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, রসুনবাটা এক চা চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস এক টেবিল চামচ, চিনি দুই চা চামচ, সরিষা বাটা এক চা চামচ, আচারের তেল দুই টেবিল চামচ, সরিষার তেল ভাজার জন্য, ক্যাপসিকাম(লাল, সবুজ, হলুদ) কিউব এক কাপ, টমেটো কিউব এক কাপ, পেঁয়াজ কিউব এক কাপ, শসা কিউব এক কাপ, গাজর কিউব এক কাপ, শাসলিক কাঠি ১২টি।

প্রণালি
মুরগির মাংস দেড় ইঞ্চি পরিমাণ চারকোণা টুকরো করে নিন। মাংস, আদা, রসুন, টমেটো সস, কাঁচা মরিচ, বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে মেরিনেট করে আধা ঘণ্টা রেখে দিন।
শাসলিক কাঠিতে মুরগি ও সবজিগুলো একে একে গেঁথে নিন। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাংস এবং সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

রেসিপিটি প্রকাশিত হয়,  ১৭ ডিসেম্বর ২০১৮

Wednesday, January 30, 2019

হৃদয় হরণ পিঠা


নামের মতোই দেখতেও সুন্দর হৃদয় হরণ পিঠা। খেতেও বেশ সুস্বাদু। তবে এই পিঠাটি তৈরি করতে আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। সহজেই তৈরি করতে পারবেন। কিভাবে? চলুন জেনে নেই-

উপকরণ: ময়দা ১ কাপ, তরল দুধ দেড় কাপ, পোলাওর চালের গুঁড়া ২ টেবিল চামচ, লবণ সামান্য ও চিনি বা গুড়ের সিরা দেড় কাপ।

প্রণালি: দুধ ফুটে উঠলে সামান্য লবণ, চালের গুঁড়া ও ময়দা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ভালোভাবে মথে পাতলা রুটি বানান। কুচি করে ভাঁজ করুন। এবার ভাঁজের মাঝের অংশ ভেতরে ঢুকিয়ে অপর দুই পাশ ঘুরিয়ে আটকে দিন। ডুবো তেলে ভাজুন, সিরায় দিয়ে তুলে নিন।

রেসিপিটি প্রকাশিত হয়,  ০৬ জানুয়ারি ২০১৯
জাগোনিউজ২৪.কম

Tuesday, January 29, 2019

ঝাল পোয়া পিঠা


শীতে নানারকম মিষ্টি পিঠা খাওয়া হয়েছে নিশ্চয়ই। এবার তবে ঝাল কিছু খাওয়া যাক। ঝাল পিঠা তৈরির একটি সহজ ও সুস্বাদু রেসিপি হলো ঝাল পোয়া। চলুন রেসিপি জেনে নেই-

উপকরণ: আতপ চালের গুঁড়া ১ কাপ, সেদ্ধ চালের গুঁড়া ১ কাপ, ময়দা আধা কাপ, ডিম ২টি, পেঁয়াজ মিহি কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো, বেকিং পাউডার আধা চা চামচ, তেল ভাজার জন্য।

প্রণালি: আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার, চিনি একসঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ একসঙ্গে ভালো করে চটকিয়ে ডিম দিয়ে মাখিয়ে ময়দার মিশ্রণে মেশাতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, গোলা যেন খুব পাতলা না হয়ে যায়।তেল গরম করে সিকি কাপ পরিমাণ গোলা ছাড়তে হবে। পিঠা ফুলে উঠলে উল্টিয়ে দিয়ে কাঠি দিয়ে পিঠার মাঝখানে ছিদ্র করে ভেতরের বাতাস বের করে দিতে হবে। পিঠা ভাজা হলে চুলা থেকে নামিয়ে টমেটো সস অথবা গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয়,  ০৭ জানুয়ারি ২০১৯
জাগোনিউজ২৪.কম

Monday, January 28, 2019

রাজহাঁসের মাংস


শীতকাল হলো হাঁসের মাংস খাওয়ার উপযুক্ত সময়। গরম গরম চালের আটার রুটির সঙ্গে হাঁস ভুনা খেতে দারুণ। অনেকেই শখ করে রাজহাঁসের মাংস খান। যদি আপনিও রান্না করতে চান তবে রাজহাঁসের মাংসা রান্নার রেসিপি জেনে নিন-

উপকরণ: রাজহাঁসের মাংস ১ কেজি, তেল পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, টমেটো পিউরি ২ কাপ, হলুদ গুঁড়া ২ চা-চামচ, মরিচ গুঁড়া ৩ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৩ টুকরা, তেজপাতা ১টা, টমেটো কুচি ২ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ফালি ৪টা, আস্ত কাঁচা মরিচ ৮টা।

প্রণালি: পাত্রে কাঁচা মরিচ বাদে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর চুলায় বসিয়ে দিন। ভালো করে কষাতে হবে। কষানো হলে এতে রাজহাসেঁর মাংস দিয়ে আবার কষান। পানি কমে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন। পানি কমে গেলে আবার পানি দিয়ে দিন। পানি কমে মাংস সেদ্ধ হলে তাতে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে ফালি করা কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়,  ২৯ ডিসেম্বর ২০১৮
জাগোনিউজ২৪.কম

Saturday, January 26, 2019

বিকেলের নাস্তায় চিকেন ভেজিটেবল রোল


শীতের বিকেলে ঝাল ঝাল নাস্তার তুলনা হয়না। নুডলস, পাকোড়া তো খাওয়া হয়ই, চাইলে তৈরি করতে পারেন ব্যতিক্রম কিছু। শীতের সবজি আর চিকেনের সাহায্যে তৈরি করতে পারেন চিকেন ভেজিটেবল রোল। রইলো রেসিপি-

উপকরণ: ফুলকপি কুঁচি ২ টেবিল চামচ, বাঁধা কপি কুচি ২ টেবিল চামচ, গাজর কুঁচি ২ টেবিল চামচ, মুরগির কিমা এক কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১টি, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল প্রয়োজমতো, ময়দা ২ কাপ, ডিম ৩ টি, বেকিং পাউডার সামান্য।

প্রনালী: একটি পাত্রে ডিম, লবণ, বেকিং পাউডার ভালোমতো বিট করে তাতে ময়দা মেশান। মিশ্রণ যেন বেশি ঘন না হয়। ফ্রাইপেনে একটু তেল ঘষে নিন। তারপর ফ্রাইপেনে এক চামচ করে গোলা ঢেলে রুটি আকারে বানিয়ে নিন। এবার আরেকটি কড়াইতে তেল নিন। গরম হলে মাংসের কিমা দিন। একটু নেড়ে আদা-রসুন বাটা ও লবণ দিন। কিমা একটু ভাজা হলে সব সবজি দিন। পেঁয়াজ কুচি, সব মশলা এবং মরিচ দিয়ে অল্প আঁচে সামান্য পানি দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। এরপর তৈরি করা রুটির মধ্যে সবজি দিয়ে রোল বানিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল রোল। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়,  ২৯ ডিসেম্বর ২০১৮
জাগোনিউজ২৪.কম

Friday, January 25, 2019

যেভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া


উপকরণ
ফুলকপি ১টি (মাঝারি), হলুদের গুঁড়া প্রয়োজন মতো, মরিচের গুঁড়া পরিমাণমতো, পাপড়িকার গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা কোয়ার্টার চা চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ একটি (কুচি), ধনেপাতা দুই টেবিল চামচ, চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ, লবণ পরিমাণমতো, বেকিং পাউডার কোয়ার্টার চা চামচ, বেসন পরিমাণমতো, তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন।

প্রস্তুত প্রণালি
ফুলকপি ধুয়ে কেটে নিন। খুব বেশি ছোট টুকরা করবেন না। প্যানে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি গরম হলে ফুলকপির টুকরা দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। আশি শতাংশ পর্যন্ত সেদ্ধ করুন ফুলকপি। এর বেশি সেদ্ধ করবেন না। পানি ঝরিয়ে অর্ধেক অংশ নিয়ে নিন পাকোড়া তৈরির জন্য।

কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাপড়িকার গুঁড়া, কোয়ার্টার চা চামচ আদা বাটা, এক টেবিল চামচ চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার, লবণ দিয়ে মেখে নিন ফুলকপির টুকরা। পাপড়িকার গুঁড়া সুন্দর একটি স্মোকি ফ্লেভার যোগ করবে ও লালচে রঙ নিয়ে আসবে পাকোড়ায়। তবে এটি না থাকলে ব্যবহার না করলেও চলবে। অল্প করে বেসন দিয়ে মাখাতে হবে সব উপকরণ। কয়েক চা চামচ বেসন ও পানি দিয়ে এমনভাবে মাখান যেন ফুলকপির চারপাশে বেসনের কোটিং লেগে থাকে। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজতে হবে পাকোড়া। মাঝারি আঁচে ভাজবেন।

রেসিপিটি প্রকাশিত হয়,  ৩১ ডিসেম্বর ২০১৮

Thursday, January 24, 2019

রসে ভেজা পাকন পিঠা


শীত মানেই পিঠাপুলি খাওয়ার ধুম। নানা স্বাদের, নানা পদের পিঠা উৎসব যেন। এই শীতে তৈরি করতে পারেন রসে ভেজা সুস্বাদু পাকন পিঠা। রইলো রেসিপি-

উপকরণ:

ময়দা- ২কাপ, দুধ- ২কাপ, লবণ- ১চা চামচ, ডিমের কুসুম- ১টি, বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ, ঘি- ২টেবিলচামচ।

সিরার জন্য: চিনি- ২ কাপ, পানি- ৩ কাপ, সবুজ এলাচ- ৩টি।

প্রণালি: একটি পাত্রে দুধ, ঘি ও লবণ দিয়ে বলক এলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে একদম অল্প আঁচে ৫ মিনিট রাখুন। সসপ্যানে খামির নিয়ে একটু ঠান্ডা করে হাতে ঘি মাখিয়ে ভালো করে মথুন। খামির অন্তত ১০ মিনিট মথতে হবে। ডিম ও বিস্কুটের গুড়ো দিয়ে আরও কিছু সময় মথতে হবে।

এবার গোল বা ডিমের আকৃতি করে পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন করে ডুবো তেলে অল্প তাপে বাদামি করে ভাজুন। ঠান্ডা হতে দিন। একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন।একটি ছড়ানো পাত্রে সিরা হাল্কা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন। পিঠা যেন একটার সাথে আরেকটা লেগে না যায় কারণ সিরায় ভিজে এটা ফুলে বড় হবে।

রেসিপিটি প্রকাশিত হয়,  ১৯ ডিসেম্বর ২০১৮
জাগোনিউজ২৪.কম