Monday, January 31, 2022

ঘরে বসেই তৈরি করুন বিফ স্টেক

 

বিফ স্টেক আপনার পছন্দের খাবার হলে ঘরেই বানিয়ে নিতে পারবেন এটা। দেখুন মজাদার বিফ স্টেক তৈরি করবেন যেভাবে-


উপকরণ: গরুর মাংস- ২ টুকরা, অলিভ অয়েল- ১ টেবিল চামচ, মাখন- ২ টেবিল চামচ, সবজি (ব্রকলি, ক্যাপসিকাম) – প্রয়োজনমতো।


সস তৈরির উপকরণ : লেবুর রস- ১ টেবিল চামচ, সয়াসস- দেড় টেবিল চামচ, অলিভ অয়েল- ২ টেবিল চামচ, চিলি ফ্লেকস অথবা গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ, চিনি- আধা চা চামচ, রসুন- ১ টেবিল চামচ (থেঁতো করে নেয়া)।


প্রস্তুত প্রণালি: স্টেক তৈরির জন্য সঠিক মাংস নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। গরুর ঘাড় অথবা পাঁজরের অংশ নেবেন স্টেকের জন্য। মাংসের টুকরা ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে চেপে চেপে মুছে নিন ভালো করে। একটি চপিং বোর্ডের উপর মাংসের টুকরা রেখে কিচেন হ্যামার দিয়ে সামান্য থেঁতো করে নিন মাংসের দুই সাইড। বেশি থেঁতো করবেন না। হ্যামার না থাকলে টুথপিক দিয়ে দুই পাশে কয়েকটা ছিদ্র করে নিন।


সস তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। সস তৈরি হলে মুছে রাখা মাংসের টুকরা দিয়ে মেখে নিন। চাইলে সামান্য লবণ দিতে পারেন। তবে না দিলেও সমস্যা নেই। এভাবে ১ ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন।


চুলায় প্যান দিন। প্যানে মাখন ও অলিভ ওয়েল দিন। গরম হলে মাংসের টুকরা দিয়ে দিন। উচ্চতাপে ভাজুন স্টেক। ৩ থেকে ৪ মিনিট ভাজুন প্রতি পাশ। এর বেশি ভাজবেন না। তাহলে শুকনো হয়ে যাবে স্টেক।


স্টেকের সঙ্গে পরিবেশন করার জন্য একই প্যানে সামান্য লবণ দিয়ে সবজি ভেজে নিন। গরম গরম বিফ স্টেক পরিবেশন করুন।


রেসিপিটি প্রকাশিত হয়, ২৪ জুলাই , ২০২১

RTV

Friday, January 28, 2022

তেল ছাড়াই তৈরি করুন মজাদার ডায়েট লেমন চিকেন


 

নাম শুনেই অবাক হলেন। চিকেন খাওয়ার মাধ্যমে ডায়েট করা সেতো অসম্ভব। এটাই ঠিক যে, লেমন চিকেনে ডায়েট হবে আপনার। এবার তাহলে তেল-মাখন ছাড়াই সহজে তৈরি করে ফেলুন ডায়েট লেমন চিকেন।


উপকরণ: ৭৫০ গ্রাম চিকেন উইংস, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, টকদই, আদা-রসুনের পেস্ট ও গোলমরিচ।


প্রস্তুত প্রণালী: প্রথমেই ভালো করে চিকেন ধুয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো, লবণ, লেবুর রস, লেবুর জেস্ট, টকদই, আদা-রসুনের পেস্ট নিয়ে ভালো করে মাখিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন। প্রায় এক ঘণ্টা রাখুন। এবার ননস্টিক প্যান নিয়ে ১২টা গোলমরিচ হালকা আঁচে ভেজে নিন। তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে উচ্চতাপে ভেজে নিন। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে নিন। কিছুক্ষণ পর চিকেন থেকে পানি বের হবে। এখন যদি মনে করেন চিকেনগুলো ভালো করে ভাজা হয়েছে তাহলে এক কাপ পানি দিন। তারপর ম্যারিনেশনের মসলাগুলোও দিয়ে দিন। এই পরিস্থিতিতে আগুনের তাপ কিছুটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।


এখন চিকেনগুলোয় কয়েকটি কাঁচা মরিচ কেটে দিন। হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। একদম শেষ দিকে ধনিয়াপাতার কুঁচি ছিটিয়ে দিয়ে নাড়তে থাকুন। ৭/৮ মিনিট নাড়ার পরই হয়ে যাবে চিকেন। তারপর সুন্দর করে প্লেটে সাজিয়ে চারটি লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন। হয়ে গেল ডায়েট লেমন চিকেন।


উল্লেখ্য, যারা তেল ছাড়া খেতে পারেন না তারা চিকেন হওয়ার শেষ পর্যায়ে খুবই অল্প পরিমাণে গরম তেল দিয়ে চার-পাঁচ মিনিট রেখে দিন।


রেসিপিটি প্রকাশিত হয়, ২২ জুলাই , ২০২১

RTV

Thursday, January 27, 2022

ঝটপট বানিয়ে ফেলুন মজাদার চিকেন পরোটা

 

বাসা বা বাড়িতে চিকেনের বিভিন্ন রেসিপি তৈরি শেষে অনেক সময়ই অল্প পরিমাণে চিকেন থেকে যায়। পরিমাণে খুবই কম থাকায় ভেবে পাওয়া যায় না কী করা যেতে পারে এই অল্প চিকেন দিয়ে। এমন অবস্থায় সেই অল্প চিকেন দিয়ে বানানো যেতে পারে চিকেন পরোটা। এটি বানাতে খুব বেশি সময় লাগবে না। আবার মুখরোচক এই খাবারে স্বাদও মুখে লেগে থাকবে। এবার তাহলে ঝটপট চিকেন পরোটা বানানোর প্রক্রিয়া তুলে ধরা হলো-


উপকরণ: ২টি পেঁয়াজ কুঁচি, ১টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ধনেপাতা, ২৫০ গ্রাম চিকেন (বোনলেস), ১ চা চামচ আদা-রসুন বাটা, স্বাদমত মরিচ গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, এক চিমটে হলুদ গুঁড়ো, স্বাদমত লবণ, ১/৩ কাপ দই, ২ টেবিল চামচ তেল, ১ কাপ ময়দা, ১ কাপ আটা ও পরিমাণমত পানি।


প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, লবণ ও দই মিশিয়ে ২৫-৩০ মিনিটের মতো ম্যারিনেট করে রাখুন। এখন প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলি ভেজে নিন। রান্না হওয়ার পর চিকেনের টুকরোগুলো কেটে ঠান্ডা করে নিন। এবার তাতে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ ও ধনেপাতা মিশিয়ে নিন।


চিকেন পরোটার পুর তৈরি করুন। পুরটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে ১০-১৫ মিনিটের মতো রেখে দিন। এবার ছোট ছোট দুটি লেচি পাকিয়ে নিন। লেচি দুটি বেলে গোল করে দুটি পরোটা বানান। এবার একটির মধ্যে চিকেনের পুরটি দিয়ে অন্যটি উপরে দিয়ে বেলে দিয়ে আঁটতে থাকুন। এতে চিকেন ও পরোটা ভালোভাবে মিশে থাকবে। এখন পরোটাটি ভালো করে ভাজুন। সোনালি হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পছন্দের মানুষকে।


রেসিপিটি প্রকাশিত হয়, ২২ জুলাই , ২০২১

RTV

Monday, July 26, 2021

যেভাবে রান্না করবেন মেজবানি মাংস

 


অনেকে মেজবানি মাংস খুব পছন্দ করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হওয়ায় বাইরের শহরগুলোর অনেকেই এটা রান্না করতে পারেন না। কেউ কেউ মনে করেন, মেজবানি মাংস রান্না করা কঠিন কাজ। মোটেও না, দেখে নিন কত সহজে মেজবানি মাংস রান্না করা যায়।


উপকরণ


গরুর মাংস- দেড় কেজি (হাড় ও চর্বিসহ), সরিষার তেল- আধা কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, টমেটো- ২টি (মাঝারি করে কাটা), কাঁচামরিচ- কয়েকটি, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ


মেজবানি মসলা তৈরির উপকরণ


আস্ত জিরা- ১ টেবিল চামচ, সাদা সরিষা- ১/২ টেবিল চামচ, ধনিয়া- ১ টেবিল চামচ, মৌরি- ১/২ টেবিল চামচ, শুকনো মরিচ- কয়েকটি, মেথি- ১ চা চামচ, জয়ত্রী- ছোট ২টি, জয়ফল- ১টি, রাঁধুনি- ১ চা চামচ, পোস্তদানা- ১ টেবিল চামচ


মাংস মাখানোর মসলা তৈরির জন্য


লাল মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১/২ টেবিল চামচ, এলাচ- কয়েকটি, কালো এলাচ- ১টি, তারা মৌরি- ১টি, লবঙ্গ- ৫টি, দারুচিনি- ২টি (মাঝারি), গোলমরিচ- ১৫টি, তেজপাতা- ২টি, লবণ- ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা- ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ, বাদাম বাটা- ২ টেবিল চামচ, সরিষার তেল- ২ টেবিল চামচ।


প্রস্তুত প্রণালি


পোস্টদানা বাদে মেজবানি মসলা তৈরির উপকরণগুলো সব একটি শুকনা প্যানে অল্প আঁচে চুলায় টেলে নিন। টালা মসলার সঙ্গে ১ টেবিল চামচ পোস্তদানা দিয়ে সব একসঙ্গে ব্লেন্ড করুন।


একটি বড় বাটিতে মাংস নিন। মেজবানি মসলা ও মাংস মাখানোর মসলা সব দিয়ে মেখে নিন মাংস। চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভাজুন একসঙ্গে। টমেটো নরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিন প্যানে।


ভালো করে নেড়েচেড়ে প্যান ঢেকে দিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। মাঝে দুই-একবার নেড়ে দিতে হবে। মাংস ভালোভাবে কষানোর পর ২ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমিয়ে দিন। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করুন মাংস সেদ্ধ হওয়ার জন্য।


মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া ও কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।


রেসিপিটি প্রকাশিত হয়, ২২ জুলাই , ২০২১

RTV

Monday, March 29, 2021

২০ মিনিটে তৈরি করুন পাকা কলার শাহি হালুয়া

 


ছোলার ডাল, সুজির হালুয়া বা দুধ-নারকেলের সুস্বাদু হালুয়া সাধারণত আমরা খেয়ে থাকি। কিন্তু কখনও কি পাকা কলার হালুয়া খেয়েছেন! পাকা কলা প্রায় সবার হাতের কাছে পাওয়া যায়। সকালের নাস্তা বা সন্ধ্যায় হালকা খাবারে পাকা কলার হালুয়া কিন্তু তৈরি করা যেতে পারে। খুব সহজে চটজলদি পাকা কলার শাহি হালুয়া তৈরির উপায় জেনে নেয়া যাক-


উপকরণ: পাকা কলা ৩টি, ১/৪ কাপ চিনি, ২ টেবিল চামচ ঘি, ৩ টেবিল চামচ কাজু বাদাম, ১/৪ চা চামচ এলাচের গুঁড়ো।


প্রণালি: প্রথমে পাকা কলা খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে পেস্ট করুন। এবার প্যানে এক চা চামচ ঘি গরম করে নিন। ঘি গরম হলে তেলের মতো হয়ে যাবে, তাতে কাজু বাদাম আধ ভাঙা করে ভেজে নিন। অন্য একটি প্যানে ঘি গরম করার পর ব্লেন্ড করা কলার পেস্ট দিয়ে দিন তাতে। কলার পেস্ট হালকা ভাজা ভাজা হওয়ার পর তাতে চিনি মিশিয়ে নিন। এখন অল্প অল্প করে ঘিসহ সকল উপকরণ ঢেলে দিয়ে ৮-১০ মিনিট রাখুন। তবে সাবধান, হালকা তাপে এসব ভাজার সময় একটু পর পর নেড়ে নিতে হবে। যেন তা পুড়ে না যায়। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ভালো করে ঘি মেখে তাতে পাকা কলার হালুয়া রাখুন। ঠাণ্ডা হওয়ার পর চাকু দিয়ে পছন্দসই কেটে টুকরো টুকরো করে পরিবেশন করুন সুস্বাদু পাকা কলার হালুয়া।



রেসিপিটি প্রকাশিত হয়, ২৬ ফেব্রুয়ারি ২০২১

RTV

Monday, November 30, 2020

ফ্রায়েড চিকেনের সহজ রেসিপি, খেতে মজা বেশি

 

করোনার ভয়ে অনেকেই বাইরে যাচ্ছেন না। মন জুড়ানো সেই খাবার ছুঁতে আজকাল ভয় লাগে। তাই এবার পছন্দের খাবার বাড়িতে তৈরি করুন। এখন সহজ নিয়মে তৈরি করতে পারবেন ফ্রায়েড চিকেন। সুস্বাদু এই খাবার বাড়িতে তৈরি করা সম্ভব। 

জেনে নিন কীভাবে তৈরি করবেন-


উপাদান

চিকেনের বড় পিস – ৫০০ গ্রাম, লবণ – ১/৪ চা চামচ, সোয়া সস – ১/২ টেবিল চামচ, টমেটো সস – ১ টেবিল চামচ, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়ো – ১ চা চামচ, ম্যাগি মশলা – ১ প্যাকেট। 

কোটিংয়ের জন্য- ময়দা – দেড় কাপ, কর্ন ফ্লাওয়ার – ১/৪ কাপ, লবণ – ১/২ চা চামচ, আদা গুড়া – ১/২ চা চামচ, মরিচ গুড়া – ১/২ চা চামচ, হলুদ গুড়া – ১/৪ চা চামচ। 


প্রস্তুত প্রণালী

বাটিতে সোয়া সস, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুড়া, লবণ, ম্যাগি মশলা, ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এতে চিকেনগুলো দিয়ে মাখিয়ে নিন এবং ২ ঘণ্টা রেখে দিন। এবার ময়দার সঙ্গে কর্ন ফ্লাওয়ার, লবণ, আদার গুড়া, লঙ্কার গুড়া, হলুদের গুড়া, মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর চিকেনগুলোকে নিয়ে ওই মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে পানির মধ্যে চুবিয়ে তারপর আবার ওই ময়দার মিশ্রণের মধ্যে রাখুন। ভালো করে চিকেনের গায়ে মিশ্রণটি মেখে গেলে হালকা তেলে ভেজে নিন। তেলে ছাড়ার পর দেখবেন যেন একেবারে তেলের মধ্যে ডুবে থাকে চিকেনের পিসগুলো। অল্প আঁচে কুড়ি থেকে পনেরো মিনিট ধরে ভাজতে থাকবেন। হয়ে গেলে প্লেটে করে মেয়োনিজ বা ক্যাচ আপ দিয়ে সার্ভ করুন গরম গরম ফ্রায়েড চিকেন।


রেসিপিটি প্রকাশিত হয়, ০৩ সেপ্টেম্বর ২০২০

RTV

Thursday, November 26, 2020

ইলিশের ফিরিঙ্গি ফ্রাই তৈরি করবেন যেভাবে


 

বাড়িতে মা-বোনেরা ইলিশের নানান পদ রান্না করেন। ইলিশ দিয়ে মুখরোচক অনেক তরকারি রান্না হয়। ইলিশের লেজের ভর্তাও বেশ স্বাদের। এসব হয়তো খাওয়া শেষ, অপেক্ষা করছেন ইলিশের নতুন কোনো রেসিপির জন্য। আপনার জন্য আজ রইলো ইলিশের ফিরিঙ্গি ফ্রাই তৈরির রেসিপি। 

যেভাবে তৈরি করবেন ইলিশের ফিরিঙ্গি ফ্রাই 


উপকরণ

৩ জনের জন্য বানাতে লাগবে ৬ টুকরো ইলিশ মাছ, পরিমাণমতো তেল, ৪ টেবিল পেঁয়াজবাটা, ২ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ রসুনবাটা, স্বাদমতো লবণ, গোলমরিচগুঁড়া, ১ চা চামচ কাঁচামরিচ বাটা, ২ কাপ ব্রেডক্রাম, আধ টেবিল চামচ ভিনিগার, ২ টেবিল চামচ ময়দা।


প্রস্তুত প্রণালী 

সময় লাগবে ১ ঘণ্টা ১০ মিনিটের মতো। প্রথমে মাছে আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা, ভিনিগার, সামান্য লবণ আর গোলমরিচগুঁড়া মাখিয়ে ৪৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ১ কাপ পানিতে ময়দা গুলে রাখুন। মাছ ম্যা০রিনেট হয়ে গেলে, ফ্রিজ থেকে বের করে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এসে গেলে একটি করে মাছ ময়দার মিশ্রণে ডুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন! এরপর ইচ্ছে মতো পরিবেশন করুন।


রেসিপিটি প্রকাশিত হয়, ০৭ অক্টোবর ২০২০

RTV