Saturday, December 3, 2011

বেগুন কাটলেট

উপকরণ : মাঝারি গোল বেগুন ২টি, কিমা ১ কাপ, পনির আধা কাপ, টমেটো সস সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি আধা টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, গরম মসলা আধা চা চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
১. বেগুন ধুয়ে মাঝ বরাবর দুই ভাগ করে নিন।
২. বেগুনের ভেতরের শাঁস আধা ইঞ্চি পরিমাণ রেখে কুরিয়ে বের করে নিন। বেগুনের খোলে লবণ মেখে রাখুন।
৩. ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে আদা, রসুন বাটা ও মরিচ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে কিমা দিয়ে নেড়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন।
৪. কিমা সিদ্ধ হয়ে এলে বেগুনের শাঁস দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ২ টেবিল চামচ পনির, টমেটো সস, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, গরম মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন।
৫. বেগুনের খোলে কিমার পুর ভরে ডিম ফেটে ঢেলে দিন। ওপরে টমেটো সস ও পনির গ্রেট করে দিন।
৬. ইলেকট্রিক ওভেনে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে আপ-ডাউন হিট দিয়ে ৩০ মিনিট বেক করে নিন।

মাছের শরমা

উপকরণ
রুই মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, টমেটো সস ৩ চা চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, শসা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, ময়দা ২ কাপ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ইস্ট ২ চা চামচ, গুঁড়া দুধ ২ চা চামচ।


যেভাবে তৈরি করবেন
১. ময়দা, গুঁড়া দুধ, ইস্ট একসঙ্গে পানি দিয়ে পরোটার খামিরের মতো ভালো করে মেখে তেল দিয়ে ডো তৈরি করে নিন। এই ডো ১ ঘণ্টার মতো ঢেকে রেখে দিন।
২. মাছ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে ঝুরি করে নিন।
৩. কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মাছের ঝুরি, আদা ও রসুন বাটা, ভাজা জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন।
৪. আগে থেকে তৈরি করা ডো থেকে রুটি বেলে সেঁকে নিন।
৫. এরপর রুটির মধ্যে মাছের ঝুরি, টমেটো সস, টমেটো কুচি, শসা কুচি দিয়ে রোল করে পরিবেশন করুন।

কাবলি ছোলা

উপকরণ
কাবলি ছোলা, মটর ডাল ৫০০ গ্রাম, মসলা গুঁড়া (শুকনা মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ) ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনে গুঁড়া ২ চা চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ৩০০ গ্রাম, চিনি ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ২ চা চামচ, তেজপাতা ২টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, তেঁতুলের ক্বাথ আধা কাপ।


যেভাবে তৈরি করবেন
১. ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে সিদ্ধ করে নিন।
২. কড়াইয়ে সয়াবিন তেল দিন। আদা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে ছোলা, আলু সিদ্ধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে লবণ দিয়ে আবার কষিয়ে নিন।
৩. তেঁতুলের ক্বাথ অল্প পানি দিয়ে লবণ, ভাজা জিরা গুঁড়া ও চিনি দিন।
৪. এরপর ডালের মধ্যে মসলা গুঁড়া, ধনে গুঁড়া, চিনি, ভাজা জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে নামান।
৫. পরিবেশনের আগে ধনেপাতা কুচি, ঝুরি চানাচুর ও শসা দিয়ে পরিবেশন করুন মজাদার কাবলি ছোলা।

Friday, December 2, 2011

জলপাইয়ের লাচ্ছি

উপকরণ: জলপাই কুচি ১ কাপ, চিনি ৫ টেবিল-চামচ, পানি ৫ কাপ, লবণ পরিমাণমতো, বিটলবণ আধা চা-চামচ, বরফ কুচি পরিমাণমতো, ধনেপাতা বা পুদিনাপাতা ১ মুঠা।


প্রণালি: ব্লেন্ডারে জলপাইসহ বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন (বরফ কুচি দিয়ে)। চিনি ছাড়াও এই লাচ্ছি বানানো যাবে।

দুধ ও বাদামের ঠাণ্ডাই


উপকরণ
তরল দুধ ১ লিটার, পানি ২ কাপ, মধু ৩ টেবিল চামচ, মৌরি ৪ টেবিল চামচ, এলাচদানা আধা চা চামচ, লবঙ্গ ৩-৪টি, কিশমিশ সিকি কাপ, চিনাবাদাম আধা কাপ, কাজুবাদাম সিকি কাপ, পেস্তাবাদাম সিকি কাপ, জাফরান রং পরিমাণমতো, গোলাপজল ২ চা চামচ (ইচ্ছা), বরফ কুচি পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন
১. সব ধরনের বাদাম ভেজে খোসা ফেলে মিহি গুঁড়ো করে নিন।
২. কিশমিশ পেস্ট করে নিন।
৩. একটি পাত্রে পানি ফুটতে দিন। ফুটে উঠলে এতে মৌরি, এলাচদানা ও লবঙ্গ দিয়ে ঢেকে ফুটিয়ে নিন। ১০-১২ মিনিট ঢেকে রাখুন।
৪. জ্বাল করা মিশ্রণের সঙ্গে বাদাম গুঁড়ো, কিশমিশ পেস্ট, চিনি ও মধু মিশিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন।
৫. জাফরান রং দিয়ে দুধ ফুটিয়ে নিন। যেন সর না পড়ে খেয়াল রাখুন।
৬. জ্বাল দেওয়া দুধের সঙ্গে বাদামের মিশ্রণ মিশিয়ে ফ্রিজে রেখে খুব ঠাণ্ডা করে পরিবেশন পাত্রে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

খাসির কলিজা ভুনা



উপকরণ
খাসির কলিজা ১টি, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, এলাচ, দারুচিনি, জায়ফল-জয়ত্রী গুঁড়ো ১ চা চামচ, টকদই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা আধা কাপ, তেল আধা কাপ।


যেভাবে তৈরি করবেন
১. প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মরিচ বাটা দিয়ে সব মসলা ও দই দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে।
২. এর পর সামান্য পানি দিয়ে কলিজা কষাতে হবে।
৩. ভুনা ভুনা হলে নামিয়ে নিতে হবে।
৪. এরপর তেলে ভাজা পরাটা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

লাবাং


উপকরণ
টকদই আধা কেজি, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি আধা কাপ, লবণ ১ চা চামচ (স্বাদমতো), বরফ কুচি পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন
১. টকদই, লবণ, চিনি ও লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন।
২. বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।