Saturday, December 3, 2011

পাবদা মাছের দো-পেঁয়াজি

উপকরণ : পাবদা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, একটি টমেটো লম্বা করে কাটা, হলুদ গুঁড়ো আধা চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো ও ধনে গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ ৩/৪টা, ধনেপাতা কুচি (প্রয়োজন অনুযায়ী), তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমত।

প্রস্তুত প্রণালী : প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে ৫ মিনিট। এরপর কষানো মসলায় মাছগুলো ছেড়ে দিতে হবে। ৫ মিনিট পর আধাকাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে টমেটো, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে আবার ঢেকে দিতে হবে। ৫ মিনিট পরে নামিয়ে মজাদার পাবদা মাছের দো-পেঁয়াজি গরম ভাত কিংবা খিচুড়ি/সাদা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন।

চিজ রোল

উপকরণ : ফুলকপি কুচি সিদ্ধ ১ কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, চিজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, ময়দা ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, দুধ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
১. ময়দা অল্প তেল, বেকিং পাউডার ও দুধ দিয়ে মেখে রাখুন ৩০ মিনিট।
২. তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ফুলকপি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নেড়ে চিজ দিয়ে পুর বানিয়ে নিন।
৩. ময়দার ছোট ছোট লেচি বানিয়ে তার মধ্যে পুর ভরে গরম তেলে ভেজে তুলুন বাদামি করে।
৪. সস দিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন।

পাস্তা উইথ চিজ

উপকরণ : সিদ্ধ পাস্তা ২ কাপ, গ্রেট চিজ ১ কাপ, ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, গাজর+বিনস জুলিয়ান কাট ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ।


যেভাবে তৈরি করবেন
১. চুলায় ফ্রাইপ্যান দিয়ে তেল দিন।
২. তেল গরম হলে আদা, রসুন কুচি দিয়ে ভাজুন।
৩. সুগন্ধ বের হলে পেঁয়াজ দিন, লবণ দিন।
৪. টমেটো আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে খোসা ফেলে কিউব করে কেটে রাখুন।
৫. এবার টমেটো কিউব দিয়ে নেড়েচেড়ে সবজি দিন।
৬.সবজি আধা সিদ্ধ হলে পাস্তা, গোলমরিচ দিন। সব শেষে গ্রেটেড চিজ দিয়ে নেড়ে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নেড়ে নামান।

ফুলকপির পরোটা

উপকরণ : ময়দা ২৫০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ভাজার জন্য পরিমাণমতো, ফুলকপি কুচি ১ কাপ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চাট মসলা গুঁড়ো ১ চা চামচ।


যেভাবে তৈরি করবেন
১. ময়দা ২ টেবিল চামচ তেল দিয়ে ঝুরঝুরে করে লবণ ও পানি দিয়ে ময়ান করে খামির তৈরি করুন। খামির ভেজা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখুন ২ ঘণ্টা।
২. কড়াইতে ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। নরম হলে ফুলকপি কুচি দিয়ে নেড়ে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়া করে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও চাট মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন।
৩. ময়দার খামির তিন ভাগ করে নিন। গোল করে ভেতরে ফুলকপির পুর ভরে বেলে নিন।
৪. ফ্রাইপ্যানে দুই পিঠ হালকা সেঁকে ঘি দিয়ে ভেজে নিন। যেকোনো মিষ্টি আচার বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

আপেলের পুডিং

উপকরণ : আপেল ১টি, ডিম ৪টি, দুধ ১ লিটার, কিশমিশ ৫ গ্রাম, এলাচ গুঁড়া সামান্য, চিনি আধা কাপ ও তেল আধা টেবিল চামচ।


প্রণালী : আপেল কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ডিম ও চিনি একসঙ্গে মিশিয়ে বিট করে নিন। এরসঙ্গে দুধ, এলাচ গুঁড়া, আপেলের জুস মিশিয়ে আবার বিট করুন। পুডিং বক্সে তেল গরম করে সামান্য চিনি দিয়ে কেরামেল করে নিন। বক্সটি চুলা থেকে নামিয়ে কিশমিশ দিন। বক্সটি ঠাণ্ডা হলে পুডিং ঢেলে দিয়ে বক্সের মুখ আটকে দিন। চুলায় বড় পাত্রে সামান্য পানি দিয়ে পুডিংয়ের বক্সটি বসিয়ে ওপরে ভার দিয়ে দিন। অল্প আঁচে জ্বাল দিন। দেড় থেকে দুই ঘণ্টা পর নামিয়ে নিন। ঠাণ্ডা করে প্লেটে ঢেলে পরিবেশন করুন।

দই-মালপোয়া

দই-মালপোয়া
উপকরণ: আতপ চালের গুঁড়া ৩ কাপ, ময়দা ১ কাপ, খেজুরের গুড় ১ কাপ, তরল দুধ ২ কাপ, মিষ্টি দই ২ কাপ, গোলাপজল ৩-৪ ফোটা, তেল ভাজার জন্য।


প্রণালি: কুসুম গরম দুধে চালের গুঁড়া, ময়দা, গুড় দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তবে মিশ্রণ যেন বেশি পাতলা বা ঘন না হয়। কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে এক হাতা করে মিশ্রণ দিয়ে বাদামি করে পিঠা ভেজে তুলে রাখতে হবে। তারপর গোলাপজল দিয়ে মিষ্টি দই ফেটে তার মধ্যে মালপোয়াগুলো দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় মজাদার দই-মালপোয়া।

বেগুন কাটলেট

উপকরণ : মাঝারি গোল বেগুন ২টি, কিমা ১ কাপ, পনির আধা কাপ, টমেটো সস সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি আধা টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, গরম মসলা আধা চা চামচ, ডিম ১টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
১. বেগুন ধুয়ে মাঝ বরাবর দুই ভাগ করে নিন।
২. বেগুনের ভেতরের শাঁস আধা ইঞ্চি পরিমাণ রেখে কুরিয়ে বের করে নিন। বেগুনের খোলে লবণ মেখে রাখুন।
৩. ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে আদা, রসুন বাটা ও মরিচ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে কিমা দিয়ে নেড়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন।
৪. কিমা সিদ্ধ হয়ে এলে বেগুনের শাঁস দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ২ টেবিল চামচ পনির, টমেটো সস, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, গরম মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন।
৫. বেগুনের খোলে কিমার পুর ভরে ডিম ফেটে ঢেলে দিন। ওপরে টমেটো সস ও পনির গ্রেট করে দিন।
৬. ইলেকট্রিক ওভেনে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে আপ-ডাউন হিট দিয়ে ৩০ মিনিট বেক করে নিন।