Wednesday, June 13, 2012

এই গরমে ঠান্ডা সালাদ





এই গরমে প্রাণ জুড়াতে খাবারের সঙ্গে চাই সালাদ। তা-ও যেন হয় ঠান্ডা। দেখুন ফারজানা হালিম হাইয়ের দেওয়া সালাদ তৈরির প্রণালিগুলো।

মুরগি-আনারসের সালাদ
উপকরণ: মুরগির মাংসের টুকরা ১ কাপ, আনারসের টুকরা ১ কাপ, শসা ১ কাপ।
ড্রেসিং: মেয়নিজ ৮ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, চিনি ২ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ ও লেবুর রস ২ চা-চামচ।
প্রণালি: সালাদ ড্রেসিং আলাদাভাবে মিশিয়ে নিন। মুরগির মাংস সিদ্ধ করে নিন। এবার সস, আনারস ও মাংস একসঙ্গে মিশিয়ে ড্রেসিং দিয়ে পরিবেশন।

সেদ্ধ সবজির সালাদ
উপকরণ: আলু সেদ্ধ ১ কাপ, মটরশুঁটি সেদ্ধ আধা কাপ, গাজর সেদ্ধ ১ কাপ, শসা ২টি, ডিম সেদ্ধ ২টি।
ড্রেসিং: মেয়নিজ ৪ টেবিল চামচ, ক্রিম ২ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, চিনি ২ টেবিল চামচ।
প্রণালি: সব সবজি ও ডিম কিউব করে কেটে নিন। ড্রেসিং, ডিম আর সবজি বাটিতে মেশান। ঠান্ডা করে পরিবেশন।

লাল সালাদ
উপকরণ: কিডনি বিন ২ কাপ, বিন স্প্রাউট ১ কাপ, বিট কুচি আধা কাপ।
ড্রেসিং: ভিনেগার আধা কাপ, জলপাই তেল ২ টেবিল চামচ, কমলার রস ২ টেবিল চামচ, আদা কুচি ২ চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি: বড় বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। সারা রাত এটি ফ্রিজে রেখে দিয়ে পরদিন ব্যবহার করলে ভালো। কিডনি বিন সেদ্ধ করে নিন। স্প্রাউট আর বিটের সঙ্গে মিশিয়ে নিন। এবার ড্রেসিং মেখে পরিবেশন।

টক সালাদ
উপকরণ: লাল আপেল একটি বড়, পেয়ারা একটি, মালটা একটি, আনারস একটি, শসা একটি, টমেটো বড় একটি, আমন্ড বাদাম কয়েকটি।
ড্রেসিং: টমেটো সস ১ টেবিল চামচ, রসুন ৩ কোয়া চাপ দিয়ে ভেঙে নেওয়া, কাঁচামরিচ একটি, বিট লবণ ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, ধনেপাতা অল্প।
প্রণালি: সব ফল ও সবজি পছন্দমতো কেটে নিন। আমন্ড, রসুন, মরিচ, ধনেপাতা একসঙ্গে কুচি করে নিন। লবণ, বিট লবণ, লেবুর রস, টমেটো সস একসঙ্গে মেশান। এই মিশ্রণ ফল ও সবজিতে মেশান। ফ্রিজে রেখে ঠান্ডা করে পছন্দমতো পরিবেশন।

পাস্তা সালাদ
উপকরণ: পাস্তা ১ কাপ, মাঝারি আকারের চিংড়ি ১ কাপ, মাশরুম ১ কাপ, জলপাই তেল ১ চা-চামচ।
ড্রেসিং: টক দই আড়াই কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, চিনি ২ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ।
প্রণালি: টক দই কাপড়ে বেঁধে তিন ঘণ্টা ঝুলিয়ে রাখুন। তাতে পানি ঝরে যাবে। একটু জলপাই তেল মিশিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। চিংড়ি আর মাশরুম সেদ্ধ করুন। এবার টক দই বাটিতে নিয়ে তাতে লবণ, বিট লবণ, লেবুর রস দিয়ে বিট করে নিন। তৈরি হলো ড্রেসিং। চিংড়ি, মাশরুম, পাস্তা একটি বাটিতে নিয়ে তাতে ড্রেসিং ঢেলে দিন। ঠান্ডা করে পরিবেশন।

তথ্য সূত্র: প্রথম আলো পত্রিকা

Tuesday, June 12, 2012

আনারস মুরগি


উপকরণ: মুরগি ১টি দেড় কেজি ছোট টুকরা করা (ধুয়ে পানি ঝরানো), পেঁয়াজ বড় ২টি, রসুন বড় ২ কোয়া, আদা কুচি ২ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ টেবিল-চামচ, পাপরিকা পাউডার ২ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ—এসব উপকরণ একসঙ্গে বেটে নিতে হবে। তেল আধা কাপ, কাজুবাদাম ১০০ গ্রাম (এক ঘণ্টা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে), কারিপাতা ৬টি, কাঁচা মরিচ ফালি ৫-৬টি।
আনারস কিউব ২ কাপ, পানি আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ।

প্রণালি: প্যানে তেল গরম করে সব মসলা বেটে নিয়ে তা দিয়ে ১০ মিনিট অল্প গরম পানি দিয়ে কষাতে হবে। তেলের ওপর উঠলে মুরগি দিয়ে বেশি আঁচে কষাতে হবে। ৫ মিনিট কষিয়ে আধা কাপ গরম পানি ও কাজুবাদাম দিয়ে ঢেকে রান্না করতে হবে। ১০ মিনিট পর কারিপাতা ও কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। পরে আনারস, লেবুর রস ও চিনি দিয়ে কষিয়ে রান্না করতে হবে।
গরম গরম পরিবেশন।

Monday, June 11, 2012

পাইন আপেল সালাদ


উপকরণ: আনারস চাক চাক করে কাটা ৮ টুকরা (সাজাতে), গাজর ফুল করে কাটা ৮ টুকরা (সাজাতে), কাঁচা মরিচের ফুল ৮টি (সাজাতে)।

সালাদের জন্য: আনারস কুচি ১ কাপ (লম্বা), গাজর কুচি ১ কাপ (লম্বা), শসা কুচি ১ কাপ (লম্বা), লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, লেবুর রস স্বাদমতো, কাঁচা মরিচ কুচি বিচি ফেলে দিয়ে স্বাদমতো, মেয়োনেজ বা টকদই ১ কাপ (পানি ঝরানো)।
প্রণালি: সব একসঙ্গে মেখে সালাদ তৈরি করে নিন। আনারস চাক, গাজরের ফুল, কাঁচা মরিচের ফুল ফ্রিজে ঠান্ডা করে রাখতে হবে।

এসব দিয়ে প্লেট সাজিয়ে সালাদ পরিবেশন করুন বা আনারস পাতাসহ লম্বায় অর্ধেক করে কেটে চামচ দিয়ে কুরে কুরে বাটির মতো বানিয়ে নিন। ভালো করে পাতাসহ ধুয়ে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। পরে এই আনারসের বাটিতে সালাদ পরিবেশন করা যাবে।

Sunday, June 10, 2012

আনারস মার্গারিটা


উপকরণ: আনারস কুরানো ১ কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, চিনি ৬ টেবিল-চামচ, ঠান্ডা পানি ১ কাপ, বরফ কুচি আন্দাজমতো।

প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে, তৈরি রাখা গ্লাসে ঢেলে পরিবেশন।
পরিবেশন: লম্বা গ্লাসের ওপরের অংশ লেবুর রসে সামান্য ডুবিয়ে নিন। পরে গুঁড়া চিনি বা গুঁড়া লবণে ডুবিয়ে নিতে হবে, সঙ্গে আনারস টুকরাও লাগানো যাবে। এভাবে গ্লাস তৈরি করে তাতে আনারসের রস ঢালুন। চুমুক দিলেই টক-মিষ্টি বা নোনতা স্বাদ পাবেন।

Saturday, June 9, 2012

পাইন আপেল আপ সাইড ডাউন কেক


উপকরণ: চিনি ১ কাপ, আনারস রিং আকারে কাটা ছয়-সাতটি। তাতে লবণ ও চিনি ছিটিয়ে রেখে দিতে হবে। পরে শুকনা করে মুছে অল্প আঁচে ঘিয়ে ভেজে নিতে হবে। বেকিং ডিশে ১ কাপ চিনি অল্প আঁচে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্যারামেলে আনারস রিং বিছিয়ে চেরি দিতে হবে।

স্পঞ্জের জন্য

উপকরণ: ডিম ৪টি, চিনি গুঁড়া আধা কাপ, ময়দা আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ভ্যানিলা এসেন্স বা পাইন আপেল এসেন্স আধা চা-চামচ, গলানো বাটার অয়েল ২ টেবিল-চামচ।

প্রণালি: ময়দা, বেকিং পাউডার ও গুঁড়া দুধ একসঙ্গে চেলে নিতে হবে। বাটিতে ডিমের সাদা অংশ বিট করে ফেনা তুলে নিতে হবে। ডিমের ফেনায় চিনি মিলিয়ে বিট করতে হবে। ২ মিনিট পরে ডিমের হলুদ অংশ দিয়ে খুব করে বিট করে নিতে হবে। এই ডিমের মিশ্রণে ময়দার মিশ্রণ মেখে নিতে হবে। তাতে এসেন্স ও বাটার অয়েল মিলিয়ে রিং বিছানো ডিশে মিশ্রণ ঢেলে মাঝারি আঁচে ৩৫-৪০ মিনিট (প্রিহিটেড ওভেনে) বেক করতে হবে। বেক হয়ে গেলে সার্ভিং ডিশে কেক উল্টে নিতে হবে। রিং বিছানো দিক ওপরে হবে।

Friday, June 8, 2012

কাঁচা আমের নাশতা


আমচা

উপকরণ
আম কুচি আধা কাপ, চায়ের গরম লিকার ২ কাপ, চিনি ৪ চা চামচ, কফি লিকার ২ চা চামচ, লবণ এক চিমটি।

যেভাবে তৈরি করবেন
১. চা, কফি লিকার, চিনি ও আম একসঙ্গে ব্লেন্ড করে ঠাণ্ডা করে নিন। ২. লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টক মিষ্টি জর্দা

উপকরণ
আম ১ কাপ (সেট করা), বাসমতি চাল আধা কাপ, ঘি ৩ টেবিল চামচ, চিনি ৪০০ গ্রাম, কিশমিশ ২৫ গ্রাম, বাদাম ১ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ, জাফরান এক চিমটি, এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরা।

যেভাবে তৈরি করবেন
১. চাল ঝরঝরে করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. আম বেশি টক হলে লবণপানিতে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। এরপর পানি ঝরিয়ে নিন।
৩. কড়াইয়ে ঘি গরম হলে চিনি ও অল্প পানি দিয়ে সিরা বানিয়ে আম দিয়ে ১০ মিনিট নেড়ে এলাচ, দারুচিনি, জাফরান ও ভাত দিয়ে হালকা করে নেড়ে মিশিয়ে দিন।
৪. নামানোর পর কিশমিশ, ছোট মিষ্টি ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

এঁচোড়ে আম

উপকরণ
আম বাটা ১ টেবিল চামচ, এঁচোড় ২৫০ গ্রাম, টমেটো কিমা ২টি, চিংড়ি ১২টি, আস্ত জিরা আধা চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরা, শুকনা মরিচ ৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চিমটি, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, হলুদ অল্প, লবণ ও চিনি স্বাদমতো, আলু ৫ টুকরা।

যেভাবে তৈরি করবেন
১. কড়াইয়ে ঘি গরম হলে এলাচ, দারুচিনি, তেজপাতা, আস্ত জিরা, লাল মরিচ ও চিংড়ি দিয়ে নেড়ে নিন।
২. এরপর সিদ্ধ আলুর টুকরা ও টমেটো দিয়ে নেড়ে হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা ও অল্প পানি দিয়ে কষিয়ে নিন।
৩. কষানো হলে কাঁচা আম বাটা দিন। সিদ্ধ এঁচোড় দিয়ে নেড়ে লবণ দিন।
৪. মাখা মাখা হলে গরম মসলা, চিনি ও ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

মিড ডে রেলিশ

উপকরণ
আম বাটা আধা কাপ, কমলার রস আধা কাপ, আনারস স্লাইস ১ কাপ, তরমুজ ১ কাপ, ম্যাঙ্গো এসেন্স আধা চা চামচ, চিনি ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১.ম্যাঙ্গো এসেন্স ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ফ্রিজারে ঠাণ্ডা হতে দিন।
২.এরপর বের করে এসেন্স দিয়ে আবার ব্লেন্ড করে রেফ্রিজারেটরের ডিপ চেম্বারে জমতে দিন। ৩.জমাট বাঁধার পর বের করে পরিবেশন করুন।

ম্যাঙ্গো তন্দুরি চিকেন

উপকরণ
মুরগির রানের মাংস ৫০০ গ্রাম, কাঁচা আম বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, চাট মসলা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, দই ২ টেবিল চামচ, তন্দুরি মসলা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, তেল প্রয়োজনমতো, লবণ ও চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংস লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, তন্দুরি, মসলা, পেঁয়াজ বাটা, চাট মসলা, কাঁচামরিচ বাটা, দই, কর্নফ্লাওয়ার মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন।
২. তেল গরম হলে মাংস দিন। মসলা মাখা মাখা হলে আম বাটা দিয়ে নেড়ে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখুন।
৩. নামিয়ে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

জেনে নিন

*কাঁচা আমে ভিটামিন সি রয়েছে।
*আমের গ্লুটামিন এসিড স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
*আমপাতা পরিষ্কার করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ওই পানি খেলে ব্লাড সুগার লেভেলে ভারসাম্য থাকবে।
*আম বেশি টক হলে সামান্য ভাপিয়ে পানি ফেলে দিন, তারপর খান।
*পানীয় বা শরবত তৈরির সময় সব উপকরণ ফ্রিজে ঠাণ্ডা করে নিন। গ্লাসটাও ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন।

Thursday, June 7, 2012

কাঁঠালের বিরিয়ানি


উপকরণ: কাঁচা কাঁঠালের টুকরা ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেল ও ঘি এক কাপের একটু কম, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ-বেরেস্তা ২ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ৩টি করে, টমেটো কুচি ১টি, টক দই আধা কাপ, চিনি ১ চা-চামচ, আলুবোখারা ৪-৫টি, কাঁচা মরিচ ৮-১০টা, বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, ছোট গোলআলু ২৫০ গ্রাম।

পোলাও: চাল ২ পট, পানি ৩ পট, বেরেস্তা ২ টেবিল চামচ, গুঁড়াদুধ ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি এক কাপ, চিনি ১ চা-চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, এলাচি ও দারচিনি ৩টি করে।

বিরিয়ানির মসলা: এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী, শাহিজিরা, সাদা গোল মরিচ ও লবঙ্গ। এ মসলাগুলো অল্প অল্প নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিলেই বিরিয়ানির মসলা হয়ে যাবে।

প্রণালি: পাত্রে তেল, ঘি দিয়ে ছোট আলু ভেজে তুলতে হবে। বাকি তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ একটু ভেজে আদা, রসুন, গরম মসলা ও টক দই দিয়ে কষাতে হবে। এতে কাঁঠালের টুকরাগুলো দিয়ে কষাতে হবে। সেদ্ধর জন্য অল্প পানি দিতে হবে। টমোটো কুচি করে দিতে হবে। কেওড়া জল ও আলুবোখারা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে পানি শুকালে নামানোর আগে ১ চা-চামচ বিরিয়ানির মসলা দিয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। পোলাও রান্নার জন্য পাত্রে চাল বাদে সবকিছু একসঙ্গে ফুটিয়ে নিন। এতে ১০ মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। চালের পানি সমান হলে তাওয়ার ওপর দমে বসান। ১০ মিনিট পর রান্না কাঁঠাল ও ভাজা আলু পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন।