Friday, November 30, 2012

বাটারফ্লাই-কিং প্রনস


উপকরণ: চিংড়ি ১৬টি, অলিভ অয়েল ২ টেবিল-চামচ, বড় পেঁয়াজ কুচি ১টি, রসুন কুচি ১টি, হাড়ছাড়া মুরগির মাংস ছোট এক টুকরা, টমেটোর রস ২ কাপ, চিনি ১ টেবিল-চামচ, ভিনেগার ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২-৩ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি:  তেল গরম করে, তার সঙ্গে পেঁয়াজ ও রসুন দিয়ে দু-তিন মিনিট নাড়াচাড়া করতে হবে। টমেটোর রস, মুরগির মাংস, চিনি, ভিনেগার, সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে ১০-১২ মিনিট জ্বাল দিতে হবে ঘন হওয়া পর্যন্ত। এখন চিংড়িগুলো দিয়ে ১০ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে। ধনেপাতা মেশাতে হবে। একটা পাত্রে ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন।

Sunday, November 25, 2012

ছানার পুলি

উপকরণ: ছানা ২৫০ গ্রাম, কনডেন্সড মিল্ক আধা টিন, ময়দা ৬-৭ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ভাজার জন্য তেল, সাড়ে তিন কাপ চিনি ও সাড়ে তিন কাপ পানি মিলিয়ে জ্বাল দিয়ে সিরা বানিয়ে নিতে হবে।

প্রণালি: ছানা, কনডেন্সড মিল্ক, ময়দা, বেকিং পাউডার এবং বড় ১ টেবিল চামচ ঘি মিলিয়ে খুব করে মেখে মোলায়েম ডো বানাতে হবে। ডো দিয়ে ছোট ছোট পুলি বানিয়ে হালকা গরম তেলে (অল্প আঁচে) সোনালি করে ভেজে সিরায় দিতে হবে। মাওয়া বা গোলাপ পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন।

Saturday, November 24, 2012

আনন্দ ভোগ


উপকরণ: সুজি ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, মাওয়া ৪০০ গ্রাম গ্রেট করা, জাফরান পৌনে এক টেবিল চামচ, ছোট এলাচি দানা (১০টা এলাচির) গুঁড়া করা, গোলাপজল ২ চা-চামচ, ঘি ৯ টেবিল চামচ, দুধ ১ টেবিল চামচ, সাজানোর জন্য সিলভার ফয়েল।

প্রণালি: ৪ টেবিল চামচ উষ্ণ গরম পানি ও ১ টেবিল চামচ ঘিয়ে সুজি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। প্রয়োজনে পানি বেশি দেওয়া যাবে, যাতে সুজি ভালোভাবে ভিজে যায়। প্যানে বাকি ঘিয়ে ভেজানো সুজি অল্প আঁচে হালকা বাদামি করে ভেজে নামাতে হবে। সুজির সঙ্গে মাওয়া মিলিয়ে নিতে হবে। প্যান আবার চুলায় বসিয়ে ভুনতে হবে। সুজি ও মাওয়া পুরোটা মিশে গেলে নামিয়ে বড় পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। অন্য প্যানে ১ কাপ পানি ও চিনি মিশিয়ে ঘন সিরা বানাতে হবে। ঘন সিরায় গোলাপজল ও জাফরান ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই মিশ্রণে সুজি ও মাওয়ার মিশ্রণ ঢেলে এলাচির গুঁড়া মিলিয়ে নিতে হবে। উঁচু চারকোনা ডিশে ঢেলে সেট করে ঠান্ডা হলে সিলভার ফয়েল বা তাক দিয়ে ঢেকে দিতে হবে। ছোট ছোট চৌকো করে কেটে পরিবেশন।

ক্যারামেল ফিরনি

উপকরণ: দুধ ২ লিটার, পানি ২ কাপ, পোলাওয়ের চাল ২ মুঠো (২ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিতে হবে), কনডেন্সড মিল্ক ১টা, ১ কাপ চিনির ক্যারামেল, জাফরান ১ চিমটি, সাজানোর জন্য মাওয়া, কিশমিশ, পেস্তা বাদাম।

প্রণালি: সাদা ফিরনির জন্য—১ লিটার দুধের সঙ্গে ১ কাপ পানি মিলিয়ে নিতে হবে। ঠান্ডা দুধে আধা ভাঙা চাল (১ মুঠো) মিলিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে নাড়তে হবে। নাড়তে নাড়তে চাল সেদ্ধ হয়ে গেলে জাফরান ও অল্প অল্প কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে (মিষ্টি দেখে নিতে হবে)। ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।
ক্যারামেল ফিরনি—বাকি দুধের সঙ্গে পানি মিলিয়ে ঠান্ডা দুধে আধা ভাঙা চাল মিলিয়ে চুলায় বসাতে হবে। ফুটে উঠলে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চাল সিদ্ধ হয়ে যাবে, তখন অল্প অল্প করে ক্যারামেল মেলাতে হবে। মিষ্টি কম-বেশি হলে ঠিক করে নিতে হবে। ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।
সার্ভিং ডিশে এক স্তর সাদা ফিরনি, এক স্তর ক্যারামেল ফিরনি—এভাবে সাজিয়ে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন।
ক্যারামেল বানাতে—শুকনো প্যানে চিনি অল্প আঁচে গলিয়ে নিতে হবে, পরে আধা কাপ দুধ মিলিয়ে নিতে হবে।

Wednesday, November 21, 2012

হাঁড়িবন্ধ


উপকরণ: গরুর চর্বিসহ মাংস ৫ কেজি, পেঁয়াজ মোটা কুচি ৬ কাপ, আদা মিহি কুচি ১ কাপ, রসুনের কোয়া ১ কাপ, শুকনা মরিচ ফালি আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, টকদই ২ কাপ, মিষ্টিদই আধা কাপ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৪ কাপ, তেজপাতা ৬টি, দারচিনি ১০ টুকরা, ছোট এলাচ ১০টি, লবঙ্গ ১২টি, বড় এলাচ ৪টি, কাঁচা মরিচ ১০-১২টি।

প্রণালি: চর্বিসহ মাংস বড় টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে বড় হাঁড়িতে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন। হাঁড়ি ভরে পানি দিন। ময়দা পানি দিয়ে মথে হাঁড়ির চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিন যেন বাষ্প বের হতে না পারে।
এবার হাঁড়ি চুলায় দিয়ে মাঝারি জ্বালে রান্না করুন। ভালো করে ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে রাখুন। প্রতিদিন দুবার করে ফোটান। এভাবে ঝোল শুকিয়ে তেলের ওপর এলে আধা কাপ বেরেস্তা ও ১ চা-চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নামান।
মজাদার হাঁড়িবন্ধ পোলাও, ভুনা খিচুড়ি, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।

আনাজ-মাংসের কাবাব


উপকরণ: মাংসের সেদ্ধ কিমা ১ কেজি, কাঁচা কলা ৪টি, আদাবাটা আধা টেবিল-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ বাটা ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, ডিম ফেটানো একটি।

প্রণালি: কলা সেদ্ধ করে খোসাসহ বেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে চুলায় দিয়ে নাড়াচাড়া করুন। ঠান্ডা হলে একসঙ্গে ভালো করে মাখিয়ে গোল গোল চ্যাপ্টা কাবাব করে ফেটানো ডিমে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন।

Tuesday, November 20, 2012

নারকেলের দুধে কাটা মসলার মাংস


উপকরণ: গরু বা খাসির মাংস ২ কেজি, পেঁয়াজকুচি ২ কাপ, রসুনকুচি ১ টেবিল-চামচ, আদা মিহি কুচি ৩ টেবিল-চামচ, আস্ত রসুন ৮-১০টি, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ স্বাদমতো, আধা ভাঙা গোলমরিচ ১ চা-চামচ, শুকনা মরিচ ৮-১০টি, সরিষার তেল ১ কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৮টি, টকদই আধকাপ, কাঁচা মরিচ ৭-৮টি, চিনি ১ চামচ বা স্বাদমতো, নারকেলের দুধ ৬ কাপ।

প্রণালি: মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে বেরেস্তা, কাঁচা মরিচ, নারকেলের দুধ বাদে বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে ২-৩ ঘণ্টা রাখতে হবে। এরপর নারকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে অল্প জ্বালে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।