Tuesday, July 31, 2018

ভিন্ন স্বাদে ‘স্টাফেড টমেটো’


পুরভরা টমেটো একটি বিদেশি খাবার। ইংরেজিতে একে স্টাফেড টমেটো বলা হয়। কেন না টমেটোর ভেতরের অংশ ফেলে বিভিন্ন খাদ্য উপাদান দিয়ে স্টাফিং করা হয় বা পুর দেয়া হয়।

তবে কী দিয়ে পুর দেয়া হবে তার ওপর নির্ভর করে এর স্বাদ। টমেটোর ভেতরে সবজি, মাংস কিংবা উভয়ের মিশ্রণ পুর হিসেবে দেয়া যায়। এ রেসিপিতে প্রধানত পুর হিসেবে মাংসের কিমা এবং পনির ব্যবহার করা হয়েছে।

উপকরণ:

  • বড় পাকা টমেটো ৬টি
  • মাংসের সিদ্ধ কিমা ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি ১/২ কাপ
  • কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
  • আদা বাটা ১/২ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা চামচ
  • টমেটো সস ১/৪ কাপ
  • গরম মশলার গুঁড়া ১ চা চামচ
  • তেল ৩ টে চামচ
  • লেবুর রস ১ টে চামচ
  • পনির কুচি ১/৪ কাপ
  • লবণ পরিমাণ মতো
  • মাখন ১ টে চামচ


প্রণালী:

  • তেল গরম করে সব বাটা মশলা গুঁড়া মশলা ভুনে মাংস ও পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। লবণ ও টমেটো সস দিয়ে কিছু মশলা নাড়াচাড়া করে লেবুর রস ও গরম মশলার গুঁড়া দিয়ে নামাতে হবে।

  • টমেটোর মুখ কেটে ভেতর থেকে বীজ বের করে ভেতরে ও বাইরে মাখনের প্রলেপ দিয়ে মাংসের পুর ভরতে হবে।

  • এবার মাংসের ওপর পনির কুচি দিয়ে প্রিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০-১২ মিনিট বেক করতে গরম গরম পরিবেশন করতে হবে।


রেসিপিটি প্রকাশিত হয়, ১৩ জুলাই ২০১৮

Monday, July 30, 2018

আজ সকালে পাতে থাকুক ঢাকাই নাশতা


পুষ্টিবিদদের মতে সকালের নাস্তা হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। আজ আপনাদের সকালের নাস্তায় তাই থাকুক ঢাকাই স্টাইলের নাশতা। আরটিভি অনলাইনের দেয়া রেসিপি দেখে বানিয়ে নিন নাশতাগুলো।

লুচি
উপকরণ: ময়দা ১ কেজি, পানি ২০০ গ্রাম, তেল ৫০ গ্রাম।

প্রণালি: সবকিছু ভালোমতো মিশিয়ে খামির করে ছোট ছোট করে বেলে নিন। এবার কড়াইতে ডুবো তেল দিয়ে ভেজে নামিয়ে নিন।

আলুর দম
উপকরণ: ছোট আলু ২৫০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, লেবু অর্ধেকটা, পানি ২ কাপ, সরিষার তেল পরিমাণমতো।

প্রণালি: আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার সরিষার তেলে পেঁয়াজবাটা, আদাবাটা ও রসুনবাটা দিয়ে নাড়তে থাকুন। কষানো হয়ে এলে আলু দিয়ে দিন। একটু পর লবণ দিন। এরপর একটু ধনেগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে আবার নাড়তে থাকুন। সবকিছু ভালোমতো মিশে গেলে ২ কাপ পানি দিয়ে সেটা টানিয়ে নিন। এবার একটু লেবু চিপে দিয়ে মাখো মাখো করে নামিয়ে পরিবেশন করুন।
নেহারি

উপকরণ: পরিষ্কার করা খাসির পা ৪টি, তেল সামান্য, পেঁয়াজকুচি ১টা, আদাবাটা ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, এলাচি ১০ গ্রাম, তেজপাতা ৩টি,  দারুচিনি ৫ গ্রাম, কালো গোলমরিচ ১০টি।

প্রণালি: প্রেশার কুকারে খানিকটা তেল দিয়ে পেঁয়াজ, কিছুটা রসুন, আদাবাটা, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে নিন। বাকি মসলাগুলোও দিয়ে দিন। এবার খাসির পাগুলো দিন। এরপর অনেক বেশি পরিমাণে পানি দিয়ে অল্প আঁচে ফুটতে দিন। সাত থেকে আট ঘণ্টা ফুটানোর পর হাড়গুলো নরম হয়ে রস ছেড়ে দেবে। এরপর পানি গাঢ় হয়ে যাবে। পানিটুকু আলাদা করে সরিয়ে নিন। এবার পাত্রে তেলের মধ্যে বাকি রসুন, শুকনো মরিচগুঁড়া ও হলুদগুঁড়া দিয়ে নেড়ে খাসির পায়ের পানিটা দিয়ে দিন। এরপর নাড়তে নাড়তে স্যুপের মতো হয়ে গেলে নামিয়ে নিন।

গিলা-কলিজা
উপকরণ: মুরগির গিলা-কলিজা দুই কাপ, পেঁয়াজকুচি ৫০ গ্রাম, আদা ও রসুনবাটা এক চা-চামচ করে, টমেটো কুচি ২টা, পাতিলেবু অর্ধেকটা, তেল সামান্য, এলাচি ৫ গ্রাম, তেজপাতা ১০ গ্রাম, দারুচিনি ১০ গ্রাম।

প্রণালি: মুরগির গিলা-কলিজা ধুয়ে নিন। এরপর কড়াইতে একটুখানি তেলে পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। এবার আদা ও রসুনবাটা দিয়ে নাড়ুন। বাকি মসলা দিয়ে দিন। টমেটো কুচি আর গিলা-কলিজা দিয়ে আরেকটু নেড়ে সেদ্ধ করে নিন। এবার পানি শুকাতে শুরু করলে একটু লেবু চিপে ধনেপাতা দিন। এবার হালকা আঁচে রান্না করে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয়, ৬ জুলাই ২০১৮

Sunday, July 29, 2018

চিকেন পাস্তা তৈরির রেসিপি


পাস্তা অনেকেরই প্রিয় খাবার। আমরা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে পাস্তা খেয়ে থাকি। কারণ, জানি না কীভাবে বাসায় পাস্তা রান্না করতে হয়। চলুন আজ দেখে নেই সুস্বাদু পাস্তা রেসিপি-

উপকরণ: পেনে পাস্তা- ৫০০ গ্রাম, চিকেন ছোট টুকরা- ২ কাপ, অলিভ অয়েল- ২ টেবিল চামচ, পেয়াজ- ১ টি (মিহি কুচি), রসুন কোয়া কুচি- ৬ টি, পার্সলে গুড়া- ১ চা চামচ, টমেটো কুচি- ৫০০ গ্রাম, লবণ- স্বাদমতো, গোলমরিচ- পরিমাণ মতো।

প্রণালি: প্যানে অলিভ অয়েল দিয়ে এতে রসুন কুচি হালকা বাদামি করে ভেজে আলাদা করে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ ভেজে তারপর টমেটো দিয়ে ১০ মিনিট রান্না করুন। টমেটো গলে গেলে লবন, গোলমরিচের গুড়া আর পার্সলে গুঁড়া দিয়ে আরো কয়েক মিনিট রান্না করুন। হয়ে গেল টমেটো সস। আলাদা প্যানে অল্প তেলে অল্প লবণ আর গোল মরিচ গুড়া দিয়ে চিকেন টুকরোগুলো ভেজে নিন।


পাস্তা সেদ্ধ করে নিন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে আধা চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে পাস্তাগুলো মাখুন। এতে পাস্তা আঠার মতো লেগে থাকবে না। টমেটো সসের মধ্যে পাস্তা আর চিকেন দিয়ে ২ মিনিট বেশি আঁচে ভাজুন।উপরে চীজ চড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

রেসিপিটি প্রকাশিত হয়, ১১ জুলাই ২০১৮
জাগোনিউজ২৪.কম

Saturday, July 28, 2018

সুস্বাদু লাল শাকের পাকোড়া


আমাদের পরিচিত একটি শাক হলো লাল শাক। লাল শাকে রয়েছে অনেক খনিজ উপাদান ও ভিটামিন ‘এ’ যা আমাদের চোখের জন্য উপকারী। যাদের শাক সবজি খেতে অনিহা রয়েছে তাদের জন্য তৈরি করা যেতে পারে মজাদার লালশাকের পাকোড়া। এটি ভাত, ফ্রায়েড রাইস, পোলাও ইত্যাদির সাথে বা নাস্তা হিসেবে খাওয়া যায়।

উপকরণ: লাল শাক কুচি- ১ কাপ, মসুর ডাল আধা বাটা- ১ কাপ, পেঁয়াজ কুচি- ১/২ কাপ, কাঁচা মরিচ কুচি- ৩টা, হলুদ গুড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১/৩ চা চামচ, জিরা বাটা- ১/২ চা চামচ, বেকিং পাউডার- ১/২ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- ২/৩ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল- ১ কাপ।

প্রণালি: লাল শাক মিহি করে কুচি করে কেটে নিন। তেল ছাড়া সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন। এবার গোল করে শেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিন।গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ১২ জুলাই ২০১৮
জাগোনিউজ২৪.কম

Friday, July 27, 2018

গ্যাসের চুলাতেই তৈরি করুন সুস্বাদু ‘চিজি গার্লিক ব্রেড’!


ডমিনোজ বা পিজ্জা হাটের মত রেস্তোরাঁয় গেলে গারলিক ব্রেডের কথা যেন চাইলেও ভোলা যায় না। যদি বলি সেই প্রিয় চিজি গার্লিক ব্রেড চাইলে তৈরি করতে পারবেন বাড়িতেই? হ্যাঁ, ডমিনোজের মত হুবহু চিজি গার্লিক ব্রেড তৈরি করা যায় সাধারণ গ্যাসের চুলাতেই। আজ সুমনা সুমি জানাচ্ছেন ঘরেই গার্লিক ব্রেড তৈরি করার একটি দারুণ রেসিপি। গ্যাসের চুলা ও ওভেন, দুই ভাবেই তৈরি করার পদ্ধতি থাকছে। রেস্তরাঁর খাবারে যাদের ভরসা নেই, এখন থেকে তারা চাইলেই ঘরে উপস্থিত করতে পারবেন রেস্তরাঁকে!

চলুন, জেনে নিই রেসিপি।

প্রথমে খামির তৈরি

  • ২ কাপ ময়দা
  • ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
  • ১/২ চা চামচ লবণ
  • ১ চা চামচ ইস্ট (ইন্সট্যান্ট)
  • ১ চা চামচ চিনি
  • ১ টেবিল চামচ তেল




  • কুসুম গরম পানি পরিমাণ মত
  • সব শুকনো উপকরণ এক সাথে ভাল করে মিশাতে হবে।
  • পরিমাণ মত গরম পানি দিয়ে নরম খামির বানাতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে ২ মিনিট খামির ভাল করে মথতে হবে।
  • তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে ২ ঘন্টা গরম জায়গাতে রেখে দিন।(গরম ওভেন বন্ধ করে বা চুলা বন্ধ করে গরম চুলার উপর।)

এবারে গার্লিক ব্রেড তৈরি
  • মোজারেলা চিজ ১ কাপ
  • ক্যাপসিকাম কুচি ১/৪ কাপ
  • সুইট কর্ন ১/৪ কাপ
  • মাখন ২ টেবিল চামচ
  • রসুন মিহি কুচি ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • প্যাপরিকা বা মরিচের গুঁড়ো ১/২ চা চামচ
  • ওরিগেনো ১ চা চামচ



  • -খামির ফুলে দ্বিগুণের চেয়েও বড় হলে আবার একটূ মথে নিন।
  • -খামির ২ ভাগ করে নিন। পিঁড়িতে হালকা ময়দা ছিটিয়ে ১ ভাগ বল নিয়ে বড় ১/৪ ইঞ্চি পুরু রুটি বানিয়ে নিন।
  • -রুটিতে মাখন মেখে নিন। রুটির একপাশে ক্যাপসিকাম , কর্ন, ১/২ কাপ মোজারেলা, অল্প করে রসুন কুচি বিছিয়ে দিন।
  • -এখন রুটির অন্য পাশ দিয়ে পুর ভরা পাশ ঢেকে হালকা পানি দিয়ে চেপে আটকে দিন। এখন দেখতে চাঁদের মত লাগবে।
  • -ব্রেডটি তেল মাখানো বেকিং ট্রে-তে রাখুন।
  • -ব্রেডের উপর ব্রাশ ব্রাশ করে উপরে রসুন কুচি, ধনেপাতা কুচি ও মরিচের গুঁড়ো ছিটিয়ে দিন।
  • -ধারালো ছুড়ি দিয়ে ব্রেডের উপর ১ ইঞ্চি ব্যবধানে দাগ কেটে দিন।
  • -প্রিহিটেড ওভেনে ১৮০ সেলসিয়াসে মাঝের র‍্যাকে ১৫ মিনিটের মত বেক করুন।


চুলায় করবেন যেভাবে

  • -বড় হাঁড়িতে ১ কাপের মত লবণ বিছিয়ে দিন। তার উপর যে কোন হিটপ্রুফ স্ট্যান্ড বা বেক করার বাটি বা ছাঁচ দিন। হাঁড়িটি ঢেকে ৫ মিনিট মাঝারি আঁচে গরম করুন।
  • -এখন ব্রেডের পাত্রটি স্ট্যান্ড এর উপর রেখে ঢেকে দিন। ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন।

নামিয়ে কেটে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ২৬ জুলাই ২০১৮
প্রিয়.কম

গরমে স্বস্তি দেবে আমের স্বাদে পাউরুটির রসমালাই!


রসমালাই তৈরি খুব ঝামেলার? হ্যাঁ, সে একটু ঝামেলারই বটে। কিন্তু আজ সুমনা সুমি জানাচ্ছেন একেবারেই ঝামেলামুক্ত রসমালাইয়ের রেসিপি। পাউরুটি দিয়ে এই রসমালাই তৈরি করতে খুব বেশি হলে সময় লাগবে ২০ মিনিট। সুস্বাদু পাকা আম এর স্বাদ বাড়িয়ে দেবে বহুগুনে। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করলে কেউ আর আইসক্রিম-মিল্কশেকের কথা ভেবেও দেখবে না।

চলুন, জেনে নিই রেসিপিটি।

উপকরণ

  • পাউরুটি ৮ পিস
  • আমের পিউরি ১/২ কাপ
  • দুধ ১ লিটার
  • বাদাম কুচি ১/৪ কাপ
  • গুঁড়ো দুধ ১/৪ কাপ
  • চিনি পরিমাণ মত বা স্বাদ অনুযায়ী (৩/৪কাপ)
  • কেওরাজল ও গোলাপজল ১/২ চা চামচ করে
  • আম ও বাদাম কুচি পরিবেশনের জন্য



প্রনালি

  • দুধ জ্বাল দিয়ে ১/২ লিটার করে নিন।
  • চিনি, গুঁড়ো দুধ ও বাদাম কুচি দিয়ে মিশিয়ে বলক আসতে দিন। অনবরত নাড়ুন। চুলা বন্ধ করে গোলাপজল দিয়ে নামিয়ে নিন। ঠাণ্ডা করুন।
  • গোল কুকি কাটার বা গ্লাসের মুখ দিয়ে পাউরুটিগুলো ইচ্ছেমত আকারের কেটে নিন। খুব বেশি বড় টুকরো প্রয়োজন নেই।
  • ঠাণ্ডা মালাইয়ে পাউরুটির পিস গুলো ডুবিয়ে ৩০ সেকেন্ডের মত রেখে মালাই থেকে তুলে পরিবেশনের পাত্রে বিছিয়ে রাখুন। বেশি রাখলে রুটি ভর্তা হয়ে যাবে।
  • বাকি মালাইয়ের সাথে আমের পিউরি মিশিয়ে নিন। এই মিশ্রণ রসভরা পাউরুটির উপর ঢেলে দিন।
  • আম মেশানোর ফলে মালাই আরো ঘন হবে তাই পাউরুটির পিসগুলো আগে মালাইয়ে ভিজিয়ে নিতে হবে যাতে ভাল ভাবে রস শুষে নেয় ।
  • ঠান্ডা খেতে চাইলে আম ও মালাইয়ের মিশ্রণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে তবেই পাউরুটির ওপরে ঢালুন। উপরে আমকুচি ও বাদামকুচি সাজিয়ে দিন।
  • এই খাবারটি বেশিদিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। রুটি বেশি গলে গেলে আর ভালো লাগবে না।


রেসিপিটি প্রকাশিত হয়, ২০ জুলাই ২০১৮
প্রিয়.কম

রুই মাছের কোফতা কারি


ভোজনরসিক বাঙালির পাতে মাছ না হলে যেন চলেই না। আর রুই মাছ তো সারাবছরই পাওয়া যায়। আপনি কী রুই মাছ ভুনা খেয়ে খেয়ে ক্লান্ত? তাহলে বিশিষ্ট রাঁধুনী ফাহা হোসাইনের রেসিপি দেখে রান্না করে ফেলুন রুই মাছের কোফতা কারি।

রান্নায় যা লাগবে
রুই মাছ ২৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, পেয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, সেদ্ধ আলু (মাঝারি) ১টা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, ডিম ১টা, কাঁচামরিচ ফালি ৭/৮ টা, লবণ ১/২ চা চামচ, চিনি ১/২ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।

রান্না করবেন যেভাবে
প্রথমে রুই মাছ ১/৪ চা চামচ লবণ এবং ১ কাপ পানি দিয়ে সেদ্ধ করতে হবে। মাছ সেদ্ধ হয়ে এলে কাঁটা ছাড়িয়ে নিন। এবার কাটা ছাড়ানো মাছে সেদ্ধ আলু চটকে দিন। সঙ্গে ডিম এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে চটকে নিন। এবার পছন্দ মতো আকারে গোলা পাকিয়ে মাঝারি আঁচে তেল গরম করে তাতে হালকা বাদামি করে কোফতা ভেজে নিন। এবার কারি বানাতে প্যানে কোফতা ভাজা তেল থেকে ১ টেবিল চামচ তেল এবং ঘি গরম করে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা, গরম মসলার গুঁড়া দিয়ে হালকা কষিয়ে নিন।

এরপর তাতে ফ্রেশ ক্রিম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ফালি, চিনি এবং বাকি লবণ দিয়ে বলক এসে তেল উপরে উঠে আসলেই তাতে কোফতাগুলো দিয়ে ২ মিনিট ঢেকে দমে রাখুন।

এবার চুলা বন্ধ করে ৫ মিনিট অপেক্ষা করলেই দেখবেন কোফতা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার গরম পোলাও এর সঙ্গে পরিবেশন করুন মজার স্বাদের রুই কোফতা কারি।

রেসিপিটি প্রকাশিত হয়, ২২ জুলাই ২০১৮