Friday, April 13, 2018

বৈশাখের রান্না: কুমড়া-টমেটো দিয়ে মুরগির ঝোল


তেল-মসলা কম হলেও খেতে দারুণ সুস্বাদু।মুরগি দিয়ে কত রকমের রান্নাই না করা হয় রোজকার খাবারে। ভুনা, ঝোল, রেজালা, কোরমা, রোস্টসহ ভাতের পাতে স্থান আছে হরেক রকমের পদের। আসছে পহেলা বৈশাখ। উৎসবের এই দিনটিতেও রাখা যায় মুরগির মাংসের ব্যতিক্রমী একটি রেসিপি। সায়মা সুলতানার এই রেসিপিতে তেল-মসলা কম। এই খাবার খেতে দারুণ সুস্বাদু, তৈরিতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। 

যা লাগবে
মুরগির মাংস এক কেজি, মাঝারি টুকরা করা
পেঁয়াজ বাটা আধা কাপ 
রসুন ও কাঁচামরিচ মিলিয়ে বাটা এক টেবিল চামচ 
হলুদ-ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে প্রতিটি
মরিচ-জিরা গুঁড়া এক চা চামচ করে প্রতিটি
আস্ত এলাচি, তেজপাতা, দারুচিনি কয়েক টুকরা 
মিষ্টিকুমড়া বড় চাক করে টুকরা এক কাপ পরিমাণ 
টমেটো টুকরো কয়েকটি
লবণ স্বাদমতো
তেল চার টেবিল চামচ

প্রণালি
-প্রথমে হাঁড়িতে তেল দিয়ে আস্ত এলাচি, তেজপাতা, দারুচিনি দিন। 
-এবার পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন।
-এবার এতে রসুন বাটা আর শুকনা গুঁড়া মসলা, হলুদ, মরিচ, ধনিয়া দিন।
-অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন ১০ মিনিট। 
-এবার মুরগির মাংস দিয়ে রান্না করুন আর ১০ মিনিট । 
-মুরগি কষানো হয়ে প্রায় সেদ্ধ হয়ে গেলে মিষ্টিকুমড়া টুকরা, টমেটো টুকরা কয়েকটা প্রয়োজন অনুযায়ী গরম পানি, কাঁচামরিচ তিন থেকে চারটি দিয়ে দিন। নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রান্না করুন ২০ মিনিট। 
-বলক এলে জিরা গুঁড়া দিয়ে দিন। রান্না করুন ঝোল ঘন হওয়া পর্যন্ত।

ঝোলটা আপনার পছন্দমতো রাখবেন, নামানোর সময় ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। লক্ষ্য রাখবেন, কুমড়া যেন বেশি গলে না যায়। এই খাবারটি পরিবেশন করুন গরম গরম।

রেসিপিটি প্রকাশিত হয়, ১০ এপ্রিল ২০১৮