Saturday, June 16, 2018

ঈদের আয়োজনে নতুন স্ন্যাক্স 'কাটুরি চাট'


ঈদ মানেই খাবারের আয়োজনে ভিন্ন কিছুর চেষ্টা করা। ঈদের নাস্তায় ঝাল খাবারের চাহিদা বরাবরই বেশি থাকে। আর তাই ঝাল আইটেমের নতুন নতুন পদ করতে আগ্রহী হয়ে ওঠেন সকল গৃহিণী। তেমনই একটি খাবার হচ্ছে সুমনা সুমির রেসিপিতে সুস্বাদু 'কাটুরি চাট'।

মুচমুচে কাটুরি, এর সাথে মুখরোচক চাট। সাথে দই, তেঁতুল বা ধনেপাতার সস এর স্বাদ বাড়িয়ে দেবে বহুগুনে। আর এই খাবারটির সুবিধা হল ২/১ দিন আগেই সমস্ত উপাদান প্রস্তুত করে রাখা যায়, মেহমান এলে ঝটপট পরিবেশন করলেই চলে।

কাটুরি তৈরি

ময়দা ২কাপ
তেল ২ টেবিল চামচ
লবণ ১/২ চা চামচ
পানি পরিমাণমত
তেল ভাজার জন্য

-ময়দা , লবন ও তেল ভাল করে মিশিয়ে নিন। এর সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে খামির বানিয়ে নিন।খামির রুটির খামিরের মত হবে, বেশি শক্ত বা নরম হবেনা। ৩০ মিনিট ঢেকে রাখুন।
-খামির থেকে ছোট ছোট বল বানিয়ে ছোট রুটি তৈরি করে নিন।
-একটি ছোট সাইজের কাপ বা স্টিলের বাটি বা গ্লাস নিন। আর চুলায় তেল গরম হতে দিন।
-কাঁটা চামচ দিয়ে রুটি সব জায়গায় কেঁচে দিন। নয়তো ভাজার সময় রুটি ফুলে যাবে।
-এখন কাপের উল্টো পাশে রুটি রেখে চারপাশ হাত দিয়ে চেপে মুড়ে দিন।
-কাপটি রুটিকে নিচে রেখে গরম তেলে ছাড়ুন।রুটির সব জায়গায় তেল গেলে কাপটি নিজে নিজে খুলে আসবে।এভাবে ৪-৫টি একবারে তেলে দিন।
-চুলার আঁচ কমিয়ে দিন।অল্প আঁচে সময় নিয়ে ভাজুন। নয়তো মাঝখানে মুচমুচে হবে না।
-রং এলে তেল থেকে উঠিয়ে ঠান্ডা হতে দিন।এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।
-অথবা কাপকেকের মোলডে বসিয়ে ওভেনে ১৫ মিনিট বেক করলেও কাটুরি হয়ে যাবে।


তেতুলের চাটনি

১/২কাপ তেতুলের ক্বাথ
১/২কাপ গুড়
সামান্য বিট লবণ

-উপরের সব ও ১ কাপ পানি একসাথে চুলায় দিন।২ মিনিট ফুটলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করুন।এই সস বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিতে পারবেন।

ধনেপাতার চাটনি
১/২ কাপ ধনেপাতা, ১/৪ কাপ পুদিনা পাতা, ৫টি কাঁচামরিচ, লবণ , ৩-৪ কোয়া রসুন ও পরিমাণমত পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।

দইয়ের সস তৈরি

দই ৪কাপ
চিনি ১/৪কাপ
বিট লবণ স্বাদমত

-একটি বড় পাত্রে উপরের সব উপকরণ মিশিয়ে দই ভাল করে ফেটে নিন যাতে কোন দানা দানা না থাকে।

কাটুরি চাট তৈরি

কাবলি ছোলা ১ কাপ সেদ্ধ করা
আলু ছোট কিউব ১ কাপ সেদ্ধ করা
পাপড়ি বা ফুচকা বা চিপস ইচ্ছেমত
লাল মরিচ গুঁড়ো, চাট মশলা ও টালা জিরা গুঁড়ো ১ চামচ করে

-উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।
-কাটুরিতে পরিমাণমত চাট দিয়ে উপরে একে একে দই, তেঁতুল ও ধনেপাতার সস দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ১৪ জুন ২০১৮
প্রিয়.কম