Friday, October 28, 2011

কাবাব কয়েক পদ





ঈদুল আজহা মানেই ঘরে ঘরে মাংস। তাই চাই মাংসের নানা রকম রান্না। নকশার বিশেষঈদ আয়োজনে কয়েক পদের কাবাবের রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

গোলা কাবাব
উপকরণ: গরু অথবা খাসির মাংসের কিমা আধা কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল-চামচ তেলে লাল করে ভেজে বেটে নিতে হবে। বাদামবাটা ১ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, কাবাব মসলা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল-চামচ, ব্রেডক্রাম আধা কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে কাবাব কাঠিতে গেঁথে প্রিহিটেড ওভেনে ১৮০০ সেন্টিগ্রেড তাপে ৩০-৩৫ মিনিট বেক করতে হবে। অথবা গ্রিলে কিংবা কয়লায় বাদামি রং হওয়া পর্যন্ত রাখতে হবে।

দম-কি কাবাব
উপকরণ: হাড়ছাড়া গরুর মাংসের কিমা ১ কেজি, টক দই আধা কাপ, আদাকুচি ১ টেবিল-চামচ, রসুনকুচি আধা টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচকুচি ১ টেবিল-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল-চামচ—সব উপকরণ একসঙ্গে বেটে নিতে হবে। মেথিগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, খসখস আধা চা-চামচ, পানি ঝরানো টক দই ৪ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ৪ টেবিল-চামচ, ডিম ৩টি, লবণ স্বাদমতো, ঘি ৪ টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতাকুচি ২ টেবিল-চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, পাউরুটিকুচি ১ কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে। ১টি ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি মোল্ডে তেল লাগিয়ে মাখানো কিমা রেখে ওপরে ২ টেবিল-চামচ টমেটো সস চারদিকে লাগিয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০০ সেন্টিগ্রেড তাপে ৪০-৪৫ মিনিট বেক করতে হবে। ওভেন থেকে মোল্ড বের করে কাবাবের ওপরে আধা কাপ পনিরগুঁড়া ও ২ টেবিল-চামচ পুদিনাপাতাকুচি ছিটিয়ে ওভেনে ১ মিনিট রেখে পছন্দমতো টুকরা করে পরিবেশন করা যায়।

কস্তুরি কাবাব
উপকরণ: গরু অথবা খাসির মাংস হাড় ও চর্বি বাদ দিয়ে পাতলা করে কাটা ১ কেজি, আদা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সয়াসস ২ টেবিল-চামচ, ওয়েস্টার সস ২ টেবিল-চামচ, টমেটো সস ৪ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, কাসুরি মেথিগুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, কাজুবাটা ২ টেবিল-চামচ, ঘি ৪ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, দুধ ১ কাপ।
প্রণালি: মাংসের সঙ্গে সয়াসস, ওয়েস্টার সস, মরিচগুঁড়া, পেঁয়াজ, আদা, রসুনবাটা, আধা চা-চামচ কাসুরি মেথিগুঁড়া দিয়ে মাখিয়ে ৪ ঘণ্টা রাখতে হবে।
ননস্টিক প্যানে ২ টেবিল-চামচ ঘি দিয়ে সব মাংস অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে (রান্নার সময় ৩০ মিনিট)। আরেকটি প্যানে ২ টেবিল-চামচ ঘি গরম করে পোস্তদানাবাটা, কাজুবাটা, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, গরম মসলার গুঁড়া, আধা চা-চামচ কাসুরি মেথি দিয়ে কিছুক্ষণ কষিয়ে দুধ দিতে হবে। ঘন হয়ে এলে আগে থেকে রান্না করা মাংসের ওপর ঢেলে লেবুর রস দিয়ে পরিবেশন করতে হবে।

খাসির তন্দুরি কাবাব
উপকরণ: খাসির রান দেড় বা দুই কেজি, আদাবাটা ২ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, বড় শুকনা মরিচ ৬-৭টা, দারচিনি ৬ টুকরা, এলাচ ৮টি, লবঙ্গ ৮টি, রসুনবাটা ১ টেবিল-চামচ, টক দই ১ কাপ, টমেটো সস ৪ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, তেল ৪ টেবিল-চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ, ব্রেডক্রাম ১ কাপ।
প্রণালি: রানের চর্বি পর্দা বাদ দিয়ে কাঁটাচামচ দিয়ে ভালো করে কেচে দই দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রাখতে হবে। শুকনা মরিচ টেলে ভেজে বেরেস্তার সঙ্গে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে বেটে নিতে হবে। ব্রেডক্রাম বাদে সব উপকরণ একসঙ্গে খাসির রানের সঙ্গে মাখিয়ে গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাঝেমধ্যে উল্টিয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে মাংসের গায়ে ব্রেডক্রাম লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে প্রিহিটেড ওভেনে ২০০০ সেন্টিগ্রেড তাপে লাল হওয়া পর্যন্ত রাখতে হবে অথবা গ্রিল করতে হবে।

তথ্য সুত্র: প্রথম আলো, তারিখ: ২৫-১০-২০১১

Tuesday, October 25, 2011

বুটের ডাল ডিমের স্পঞ্জ কারি


উপকরণ : ক. বুটের ডাল ১ কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ দেড় চামচ বা স্বাদমতো, এলাচ ২-৩টি, দারচিনি ২ সে.মি. ২ টুকরো, লবঙ্গ ২-৩টি, তেজপাতা ২টি, পানি ৩ কাপ, ঘি ১ টেবিল চামচ, ডিম ৪টি, লবণ স্বাদমতো, বেসন ৪ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. ডাল দুই ঘণ্টা ভিজিয়ে রেখে 'ক' গ্রুপের হলুদ গুঁড়ো থেকে ঘি পর্যন্ত সব উপকরণ দিয়ে সিদ্ধ করে নিন।
২. ডিম ফেটিয়ে 'ক' গ্রুপের অবশিষ্ট উপকরণ মিলিয়ে মামলেট করে ঠাণ্ডা হলে বরফি কেটে নিন।
৩. কড়াইয়ে তেল বা ঘি দিয়ে গরম হলে আস্ত জিরার ফোড়ন দিন। জিরা ফুটে উঠলে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা দিয়ে ভেজে টমেটো পিউরি দিন। মরিচ, ধনে গুঁড়ো ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
৪. কষানো মসলায় পানিসহ সিদ্ধ ডাল ঢেলে দিন। ফুটে উঠলে বরফি কাটা ডিম দিন। ২-৩ মিনিট ঢেকে রান্না করুন।
৫. এবার কাঁচামরিচ ফালি, গরম মসলা ও জিরার গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিন। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Thursday, October 20, 2011

ঝাঁকা ঝাঁকা ঠান্ডা







ঠান্ডা গ্লাসের গায়ে জমেছে বিন্দু বিন্দু পানি। ওপরে বরফকুচি আর ফেনার স্তর। চুমুক দিলে নিমেষেই মন ঠান্ডা। ফলের রস, আইসক্রিম ও দুধ মিলিয়ে ঝাঁকিয়ে তৈরি করে ফেলুন নানা রকম শেক। দেখুন নাসরিন আলম-এর দেওয়া কয়েক রকম শেক তৈরির প্রণালি।

পিংক লাচ্ছি
উপকরণ: ভ্যানিলা আইসক্রিম ১ কাপ, কমলার রস আধা কাপ, ব্ল্যাক কারেন্ট ফলের রস (রাইবিনা ব্র্যান্ডের রস ব্যবহার করতে পারেন) ১ কাপ, বরফকুচি দেড় কাপ।
প্রণালি: ওপরের সব উপকরণ ব্লেন্ড করে লম্বা গ্লাসে বা মগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।

পাইনঅ্যাপেল কোলাডা
উপকরণ: আনারসের কিউব ১ কাপ, আনারসের জুস ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ১ কাপ, বরফকুচি ২ কাপ, হুইপড ক্রিম ও আনারসের টুকরা সাজানোর জন্য।
প্রণালি: ব্লেন্ডারের জগে আনারস কিউব, আনারসের জুস, আইসক্রিম ও বরফ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। গ্লাসে ঢেলে হুইপড ক্রিম ও আনারস দিয়ে সাজিয়ে পরিবেশন।

ম্যাংগো শেক
উপকরণ: পাকা আমের গোলা ১ কাপ, দুধ ১ কাপ (ঠান্ডা), ভ্যানিলা বা ম্যাংগো আইসক্রিম আধা কাপ, চিনি বা মধু ১ টেবিল চামচ, সাজানোর জন্য হুইপড ক্রিম ও আমের টুকরা।
প্রণালি: ব্লেন্ডারের জগে আম, দুধ, আইসক্রিম, চিনি বা মধু দিয়ে ব্লেন্ড করে সাজিয়ে পরিবেশন। এখন আমের মৌসুম না হলেও অনেকে ডিপ ফ্রিজে পাকা আম সংরক্ষণ করেন। সেটা দিয়েই বানাতে পারেন। অথবা শুধু ম্যাংগো আইসক্রিম ব্যবহার করতে পারেন।

ভ্যানিলা ফ্লোট
উপকরণ: ভ্যানিলা আইসক্রিম পরিমাণমতো, স্প্রাইট বা সেভেন আপ পরিমাণমতো।
প্রণালি: লম্বা গ্লাসে ২ স্কুপ আইসক্রিম নিয়ে ওপর থেকে ধীরে ধীরে স্প্রাইট দিয়ে গ্লাস ভরতে হবে। সঙ্গে সঙ্গে পরিবেশন।
পরিবেশনের সময় বা পান করার সময় ভালো করে মিলিয়ে নিতে হবে।

মিক্সড ফ্রুটস স্মুদি
উপকরণ: আনারসের টুকরা আধা কাপ, পেঁপের টুকরা আধা কাপ, কলা অর্ধেকটা, আমের টুকরা বা পিউরি আধা কাপ, বরফ ২ কাপ, সুগার সিরাপ ১ টেবিল চামচ বা ইচ্ছামতো।
প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।

ওরিও শেক
উপকরণ: ৪টা ওরিও কুকি, দুধ দেড় কাপ (ঠান্ডা), ভ্যানিলা আইসক্রিম আধা কাপ, সাজানোর জন্য হুইপড ক্রিম ও কুকি।
প্রণালি: ব্লেন্ডারে ওরিও কুকি, দুধ, ভ্যানিলা আইসক্রিম একসঙ্গে ব্লেন্ড করে লম্বা গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন।

তথ্য সুত্র: প্রথম আলো , তারিখ: ১৮-১০-২০১১

Monday, October 17, 2011

শিকামপুরি কাবাব


যা লাগবেঃ
মাংসের কিমা ২ কাপ, নারকেলের দুধ ১ কাপ, দুধ ১ কাপ, চিনি ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, জিরা ১ চা চামচ, টক দই আধা কাপ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, পুদিনা, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ডিম ২ টা, ব্রেডক্রাম, তেল পরিমাণমতো।

যেভাবে করতে হবেঃ
নারকেলের দুধ ও দুধ দিয়ে মাংস ভালোমতো সিদ্ধ করে মিহি করে বেটে নিন। টক দই ছেঁকে নিন। ঘন দই, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে পুর তৈরি করে নিন। বাকি মশলা দিয়ে কিমা মেখে নিয়ে পুর ভরে কাবাবের আকৃতি দিয়ে কাবাব তৈরি করে নিন। এবার ডিম ফেটিয়ে নিয়ে তাতে কাবাব চুবিয়ে ব্রেডক্রামে গরিয়ে ডুবো তেলে লাল করে ভাজার পর তৈরি হয়ে গেল শিকামপুরি কাবাব।

রঙিলা কাবাব


উপকরণঃ মুরগি ১৫০ গ্রাম, মাশরুম ১০০ গ্রাম, রেড ক্যাপসিক্যাস ৫০ গ্রাম, ইয়োলো ৫০ গ্রাম, চেরি টমেটো ৫০ গ্রাম, মধু ২০ গ্রাম, আদা-রসুন পেস্ট ৩০ গ্রাম, কমলার খোসা কুচি ৫ গ্রাম, তেল ৫০ গ্রাম, পেঁয়াজের হাই ৫০ গ্রাম, কাঁচামরিচ ১৫ গ্রাম, লবণ পরিমাণমতো, গরম মশলা ৫ গ্রাম।

প্রণালিঃ প্রথমে আদা, রসুন, মধু, গরম মশলা, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিয়ে একটি ব্লেন্ডারে পেস্ট করুন। মুরগির টুকরো করে ব্লেন্ড করা মিশ্রণে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। কাঠির মধ্যে মুরগি, ক্যাপসিক্যাস এবং মাশরুম দিয়ে কাবাব বানাতে হবে। তাওয়া বা গ্রিলে ১০-১৫ মিনিট কাবাব বানিয়ে গরম গরম পোলাও বা সবজির সঙ্গে পরিবেশন করতে হবে।

Friday, October 14, 2011

পাবদা টমেটো ভুনা


উপকরণ: পাবদা মাছ ২৫০ গ্রাম, টমেটো লম্বা করে কাটা ২ কাপ, কাঁচামরিচ ফালি ৩/৪টি, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল ও পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং টমেটোর টুকরা দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। তারপর মাছগুলো দিয়ে তাতে ধনেপাতা কুচি ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নামিয়ে পরিবেশন করুন পাবদা টমেটো ভুনা।

Tuesday, October 11, 2011

পনির পরোটা


উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো।

প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। তারপর টেনে টেনে বড় পাতলা রুটি বেলতে হবে। পনির মিহি কুচি করে রুটির ওপর ছিটিয়ে দিয়ে চারকোণা ভাঁজ দিতে হবে। আবার পনির ছেটাতে হবে। এবার ভাঁজ দিয়ে গোল করে ভাঁজটা নিচের দিকে দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার একটি প্লেটে তেল মাখিয়ে ডোটা হাতের আঙুলে চেপে চেপে গোল পরোটার মতো করে বানাতে হবে। এখন ফ্রাইপ্যানে বাদামি করে ভেজে পরিবেশন। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও এই পরোটা বানানো যায়।