Saturday, June 9, 2018

ইফতারে আনারসের শরবত


ইফতারে প্রাণ জুড়াতে চাই নানা পদের শরবত। মৌসুমি ফল দিয়ে তৈরি করুন প্রাণ জুড়ানো পানীয়।

বাজারে এখন সহজেই মিলবে আনারস। একটু ভিন্ন স্বাদের মজার পানীয় তৈরি করতে আনারসের জুড়ি নেই।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আনারসের শরবত।

উপকরণ

আনারস কুচি। পুদিনা-পাতা কুচি। কাঁচামরিচ। বিট লবণ। লবণ (সামান্য)। চিনি (ইচ্ছা)। পানি। এই সবগুলো উপকরণই নিতে হবে পছন্দ ও স্বাদ অনুযায়ী।

প্রণালী

আনারসের খোসা ভালো করে ছাড়িয়ে, গায়ের চোখের মতো অংশ ভালো করে তুলে ফেলুন। এবার কুচি করে নিন।

এখন আনারসের সঙ্গে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করুন। তারপর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন।

গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে আনারসের টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের শরবত।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৬ জুন ২০১৮

ইফতারে রাখুন ঘরে তৈরি জিলাপি


ইফতারে একটু মিষ্টি জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন। আর তা যদি হয় জিলাপি, তাহলে তো কথাই নেই। মচমচে ও রসালো গরম গরম জিলাপি বেশ উপভোগ্যই বটে।কিন্তু, খাটি জিলাপি সব সময় পাওয়া যায় না। তাই যখন খুশি তখন ঘরেই ঝটপট বানিয়ে ফেলুন আপনার পছন্দের জিলাপি। আসুন তাহলে জেনে নেই জিলাপির রেসিপিটি।

সিরার জন্য উপকরণ :
পানি ১/৪ কাপ, 
চিনি ১ কাপ, 
এলাচ গুঁড়া ১ টেবিল চামচ 
লেবুর রস ১ চা চামচ (ইচ্ছা)

জিলাপির জন্য উপকরণ: 
ময়দা আধা কাপ, 
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, 
দই ১ টেবিল চামচ, 
পানি প্রয়োজন মতো 
খাবারের রঙ সামান্য।
ঘি ১ টেবিল চামচ 
তেল ভাজার জন্য পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে সিরা তৈরির জন্য একটি পাত্রে পানি এবং চিনি ভালোভাবে ফুটিয়ে নিন। সিরা ঘন হয়ে এলে এলাচ গুঁড়া ও লেবুর রস দিয়ে নেড়ে নিন। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার একটি পাত্রে ময়দা, পানি এবং দই দিয়ে মিশ্রণ তৈরি করে ফেলুন। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি খুব পাতলা বা ঘন না হয়। পাত্রটি মুখ বন্ধ করে গরম স্থানে ৩০ মিনিটের জন্য রাখুন।

নরম কাপড় কিংবা চিকন মুখের সসের বোতলের মধ্যে জিলাপির মিশ্রণটি নিন। ভাজার জন্য গরম তেলের মধ্যে ঘি দিয়ে মিশ্রণটি পেঁচিয়ে পেঁচিয়ে দিন।

জিলাপি হালকা বাদামি রঙের হয়ে এলে তেল ঝরিয়ে সিরাতে চুবিয়ে দিন। দুইপাশ ভালোমতো সিরায় ভিজতে দিন। সিরা থেকে তুলে পরিবশন পাত্রে রেখে ঘি ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, মে ১৮, ২০১৮

Friday, June 8, 2018

ইফতারে জামের শরবত


ইফতারে বা প্রচণ্ড গরমে যখন পানি খেয়ে পিপাসা মেটে না, তখন বানিয়ে ফেলতে পারেন খুবই মজার ও স্বাস্থ্যকর জামের শরবত। দেখে নিন কীভাবে বানাবেন জামের শরবত।

উপকরণ

(১) জাম—এক কাপ

(২) চিনি—আধা কাপ

(৩) বিট লবণ—আধা চা চামচ

(৪) লেবুর রস—এক টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

প্যানে জাম, চিনি ও আধা কাপ পানি দিয়ে জ্বাল করে নিন। জাম সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। একটি গ্লাসে জামের রস, লেবুর রস, বিট লবণ ও পরিমাণমতো ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, জুন ০৬, ২০১৮

চিকেন বল থাকুক ইফতারে


চিকেন বল ছেলে বুড়ো সবাইই পছন্দ করেন। তাই ইফতারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন বল। এটা খালি মুখে যেমন খাওয়া যায় তেমনি এটা দিয়ে মাংস মশলা কষিয়ে তরকারিও রান্না করা যায়। সাধারণত ডুবো তেলে চিকেন বল ভেজে খাওয়া যায়। আজকের ইফতারে তাই থাকুক ফ্রেশ উপাদান দিয়ে বানানো চিকেন বল।

যা যা লাগবে
মুরগির মাংস (হাড়ছাড়া ছোট টুকরা করে কাটা অথবা মুরগির কিমা)- ২ কাপ, পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ, রসুনকুচি- ১ টেবিল চামচ, আদাবাটা- ১ টেবিল চামচ, মরিচ, কুচি করে কাটা- ৪-৫ টি, জিরাগুঁড়া- ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, লেবুর রস- ২ চা চামচ, আলু(মাঝারি)- ১ টি, পাউরুটি- ১ টি, বিস্কুটের গুঁড়া/ ব্রেডক্রাম্ব- ১/২ কাপ, তেল- পরিমাণমত, লবণ- স্বাদমত।

যেভাবে বানাবেন
প্রথমে আলু এবং মুরগির মাংস একসাথে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলু ও মুরগীর মাংস একসাথে ভালো করে মাখিয়ে নিন। মাংস খুব ভালো ছাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিন। এরপর এতে দিন বাকি সব মসলা জাতীয় উপকরণ। মিশ্রন অনেক বেশি নরম হলে এতে পাউরুটি টুকরো করে করে মিশিয়ে নিন। এরপর গোল গোল বল তৈরি করে নিন। এই বল বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিয়ে বলগুলো লালচে করে ভেজে নিন। ব্যস, এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন পছন্দের সসের সাথে।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৫ জুন ২০১৮

Thursday, June 7, 2018

সেহরিতে রুচি ফেরাতে ‘আচারি চিকেন’


রোজায় এমনিতেই আমাদের খাওয়ার নিয়ম পরিবর্তন হয়ে যায়। যারা অন্য সময় সকালের খাবারই খেতে পারেন না, তাদের জন্য তো সেহরি খাওয়া অনেক কষ্টের কাজ।

আসুন তাহলে জেনে নেই আচারি চিকেনের রেসিপিটি।

উপকরণ :

মুরগি এক কেজি (৮ টুকরা/ টুকরা ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন)

টক দই তিন টেবিল চামচ,

মরিচ গুঁড়া এক চা চামচ,

হলুদ গুঁড়া এক চা চামচ,

ধনে ও জিরা গুঁড়া এক চা চামচ,

পাঁচফোড়ন আধা চা চামচ (আধা ভাঙা),

পেঁয়াজবাটা তিন টেবিল চামচ,

পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ,

আদাবাটা এক টেবিল চামচ,

রসুনবাটা দুই চা চামচ,

কাঁচামরিচ কুচি তিন/চারটা,

শুকনা মরিচ দুটি,

মৌরি গুঁড়া আধা চা চামচ,

তেজপাতা দুটি,

সরিষার তেল আধা কাপ,

আমের আচার দুই-তিন টেবিল চামচ,

সরিষাবাটা আধা চা চামচ,

লবণ পরিমাণ মতো।

প্রণালি: আচার পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, কাঁচামরিচ, বেরেস্তা, মৌরি গুঁড়া ও অর্ধেক তেল বাদে অন্যসব উপকরণ দিয়ে মুরগির মাংস মেখে এক ঘণ্টা মেরিনেট করুন।

এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিন। এবার মাখানো মাংস কড়াইতে ঢেলে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। ১০/১৫ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিন। এবার আচার, বেরেস্তা, পাঁচফোড়ন গুঁড়া, মৌরি গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিন। পানি দিতে হবে না। মাংসের পানিতেই সেদ্ধ হবে। মাংস সেদ্ধ হয়ে তেলের উপর উঠে এলে কাঁচামরিচ কুচি দিয়ে পাঁচ মিনিট রেখে চুলা বন্ধ করে দিন। এবার পরিবেশন ডিশে ঢেলে নিন।

নামানোর আগে দেখে নিন পাঁচফোড়নের ফ্লেভার ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে অল্প পরিমাণ মিহি পাঁচফোড়নের গুঁড়া ওপরে ছিটিতে একবার নাড়া দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ রাখার পর পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, মে ১৬, ২০১৮

দইবড়া তৈরির সহজ রেসিপি


দইবড়া অনেকেরই পছন্দের তালিকায় থাকলেও এটি তৈরির রেসিপি অনেকেরই জানা নেই। রেসিপি জানা থাকলে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। তাই ইফতারে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের আয়োজনে রাখুন দইবড়া। রইলো রেসিপি-

বড়া বানানোর উপকরণ: মাষকলাইয়ের ডাল- ১ কাপ, কাঁচা মরিচ- ২ টি, আদা- একটির অর্ধেক, লবণ- ১ চা চামচ, তেল।

প্রণালি: ডাল ভালোভাবে ধুয়ে ৮-৯ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে ডাল, কাঁচা মরিচ ও অর্ধেকটি আদা একসাথে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মিক্সচার-টি খুব ঘন না হয়। তার জন্য বাটার সময় অল্প পানি ব্যবহার করা ভালো। এবার বেটে নেয়া ডালের মধ্যে ১ চা চামচ লবণ মিশিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নিন, ৬-৭ মিনিট ফেটতে হবে যাতে করে ডালের মধ্যে বাতাস ঢোকে। এতে দইবড়াগুলো অনেক নরম ও তুলতুলে হবে। ডাল ভালো করে ফেটানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ ডালের মিক্সচার গোল করে ছেড়ে দিন। যদি বলটি সাথে সাথে পানির উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে ডাল ঠিকমতো ফেটানো হয়েছে।


তেল গরম করে তাতে অল্প অল্প ব্যাটার(মিক্সচার) নিয়ে গোল গোল করে ছেড়ে দিন। খুব অল্প আঁচে হালকা সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর পাত্রে উঠিয়ে নিন। এবার একটা বাটিতে বেশ খানিকটা পানি নিয়ে তাতে হাফ চা চামচ লবণ মিশিয়ে নিয়ে বড়াগুলো পানির মধ্যে ছেড়ে দিন। বড়াগুলো ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এটি করার ফলে বড়ার ভিতরে পানি ঢুকবে এবং এতে করে বড়ার মধ্যে দই খুব সহজেই ঢুকবে।

দই তৈরির উপকরণ: টক দই- ১ কাপ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, চাট মশলা- ১/২ চা চামচ, লাল মরিচের গুড়া- ১/২ চা চামচ (ইচ্ছেমতো), বিট লবণ- ১/২ চা চামচ, চিনি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনা পাতার পেস্ট- ৩ টেবিল চামচ।

প্রণালি: সবকিছু একসাথে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর দইবড়াগুলো লবণ পানি থেকে উঠিয়ে অল্প চেপে পানি বের করে দই এর মধ্যে দিয়ে দিতে হবে। এর উপর আপনার ইচ্ছেমতো ধনেপাতার চাটনি, তেতুলের চাটনি ও চাট মশলা ছিটিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিন।

ইফতারে উপভোগ করুন মজাদার দইবড়া।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৫ জুন ২০১৮
জাগোনিউজ২৪.কম

কুমড়া ফুলের চপ


ইফতারে চপ না থাকলে কি চলে! কিন্তু প্রতিদিনই সেই এক আলুর চপ, ডিমের চপ খেতেও নিশ্চয়ই ভালো লাগে না। সেজন্য চাই ব্যতিক্রম কিছু। রইলো তেমনই একটি রেসিপি কুমড়া ফুলের চপ-


উপকরণ: মিষ্টি কুমড়ার ফুল ১০টি, বেসন ২ টেবিল চামচ, ময়দা বা চালের গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো, তেল ভাজার জন্য।


প্রণালি: মিষ্টি কুমড়ার ফুল ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে। পরিমাণমতো পানি দিয়ে ঘন গোলা তৈরি করে নিন। এবার ফুলের সবুজ ডাটার কাছ থেকে কেটে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চাইলে ফুলের পাপড়ি ভাঁজ করে ফুলের ভেতরে ঢুকিয়ে নিতে পারেন। এবার ফুল গুলো একে একে গোলায় ডুবিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজতে হবে। হালকা বাদামী চেহারা ধারণ করলে নামিয়ে এনে পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৬ জুন ২০১৮
জাগোনিউজ২৪.কম