Wednesday, June 13, 2018

পটেটো ব্রেড পাকোড়া


খুব সহজে ঝটপট মজাদার ইফতার তৈরি করতে চান? তাহলে বানিয়ে ফেলুন ব্রেড পটেটো পাকোড়া। এটি তৈরি করতে ঝামেলা যেমন কম, সময়ও লাগবে কম। চলুন শিখে নেয়া যাক-

উপকরণ: পাউরুটি ৪-৬ স্লাইস, সেদ্ধ আলু- ৩ টি, বেসন- ১ কাপ, পেঁয়াজ কুঁচি- ২টি, ধনেপাতা কুচি- দুই টেবিল চামচ,, কাঁচামরিচ কুচি- ২টি, টমেটো কেচাপ ২-৩ টেবিল চামচ, লালমরিচ গুঁড়া- স্বাদ অনুযায়ী, হলুদ গুড়া- ১/২ চা চামচ, বেকিং সোডা- ১/২ চা চামচ, লবণ- স্বাদ অনুযায়ী, তেল- ভাজার জন্য।

প্রণালি: একটি পাত্রে বেসন, লালমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও বেকিং সোডা একসাথে আগে শুকনো অবস্থায় মিশিয়ে তারপর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। মিক্সচারটি যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়। এবার আর একটি পাত্রে সিদ্ধ আলু নিয়ে ভালো মতো চটকে নিন। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি, কাঁচা আমের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিন। একটি পাউরুটি নিয়ে তার উপর টমেটো কেচাপ ছড়িয়ে দিন। এবার এর উপর আলুর মিক্সচার থেকে কিছু পরিমাণ নিয়ে পাউরুটির পুরো গায়ে সমানভাবে ছড়িয়ে দিন।এবার তার উপর আর একটি রুটির স্লাইস দিয়ে দিন। এখন একে আড়াআড়ি ভাবে স্যান্ডউইচ আকারে কেটে নিন। তেল গরম করে তাতে পাউরুটির টুকরোগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিন। অল্প আঁচে হালকা সোনালী রঙ না হওয়া পর্যন্ত এপিঠ-ওপিঠ ভাজুন। এবার এক এক করে সবগুলো একটি পাত্রে নামিয়ে রাখুন। গরম গরম টমেটো বা চিলি সস দিয়ে ইফতারে পরিবেশন করুন ব্রেড পটেটো পাকোড়া।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৪ জুন ২০১৮
জাগোনিউজ২৪.কম

শুঁটকির বড়া তৈরির রেসিপি


শুঁটকির বড়া শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুঁটকির বড়া খেতে দারুণ লাগে। চলুন চটপট জেনে নেই রেসিপি-

উপকরণ: মিষ্টি কুমড়া/লাউ পাতা- ১০টি, চ্যাপা শুঁটকি- ৫টি, শুকনা মরিচ- ৫টি, ধনে পাতা- ৩ টেবিল চামচ, রসুনের কোয়া- ৫টি, পেঁয়াজ কুঁচি- ১ কাপ, সরিষার তেল, লবণ।

প্রণালি: একটি বাটিতে পাতা নিয়ে তাতে এক চা চামচ লবণ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর দেখবেন পানি বের হয়েছে। পাতা চিপে পানি নিংড়ে পাতা খুলবেন এবং আরেকটি বাটিতে পানি নিয়ে তাতে পাতা গুলো ধুয়ে আবার চিপে রেখে দিবেন। একটি ফ্রাইং প্যানে শুকনা মরিচ ও রসুনের কোয়া তেল ছাড়া ভেজে নেবেন। মরিচটা আপনি কতটুকু ঝাল খেতে চান, সে অনুযায়ী নেবেন। বাদামী রঙের দাগ চলে এলে নামিয়ে ফেলুন।

এবার আরেকটি প্যানে শুঁটকিগুলো অল্প আঁচে তেল ছাড়া ভেজে নিন। এবার ভাজা শুঁটকি, মরিচ ও রসুন পানি ছাড়া ব্লেন্ড করে নিন। ব্লেন্ডেড মিশ্রণটি একটি বাটিতে নিয়ে তাতে তাতে পেঁয়াজ কুঁচি ও লবণ দিন। হাত দিয়ে কচলে মেশান। এরপর ধনে পাতা দিয়ে ভালো করে মেশান। এবার একটা একটা করে পাতা নিয়ে পুরোটা খুলে মাঝে শুঁটকি দিয়ে চারপাশ থেকে কোণাগুলো টেনে এনে আলতো করে ভাঁজ করে ঢেকে দিতে হবে।  

এবার চুলায় একটি ফ্রাইং প্যানে সামান্য তেল ছড়িয়ে মাঝারি-মৃদু আঁচে ভাঁজ করা অংশটা নিচে দিয়ে বড়াগুলো ছাড়ুন। এতে ভাঁজ খুলবে না। আর তেল কিন্তু খুব অল্প হতে হবে। ৫ মিনিট পর বড়াগুলো সাবধানে উল্টে দিন যেন ভাঁজ না খুলে যায়। এবার চুলার আঁচ মৃদু করে ১০ মিনিট ঢেকে রাখুন। এতে পাতা সেদ্ধ হয়ে যাবে। ব্যস! তৈরি হয়ে গেল মজাদার শুঁটকির বড়া।

রেসিপিটি প্রকাশিত হয়, ১১ জুন ২০১৮
জাগোনিউজ২৪.কম

Tuesday, June 12, 2018

ইফতারে সুস্বাদু ফিশ চপ


ইফতারে চিকেনের আইটেম খেতে প্রতিদিন নিশ্চয়ই ভালোলাগে না? মাঝে মাঝে আনতে পারেন ভিন্নতা। তৈরি করতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর ফিশ চপ। রইলো রেসিপি-

উপকরণ: কোরাল মাছ ১০০ গ্রাম, পানি ৫০ মি.লি., তেল ১০ মি.লি., ময়দা ৬০ গ্রাম, আলু ৫ টুকরা, মোজেরেলা চিজ ২০ গ্রাম, কাঁচা মরিচ ১০ গ্রাম, নাগেটস মিক্স ৫ টেবিল চামচ, কোরাল মাছ ১০০ গ্রাম।

প্রণালি: আলু, কাঁচা মরিচ ধুয়ে কেটে নিতে হবে। ফ্রাই প্যানে তেল নিয়ে কোরাল মাছ দিয়ে তাতে আলুর টুকরা এবং কাঁচামরিচ কুঁচি দিয়ে দিন। এবার নর নাগেটস মিক্স দিয়ে ১০ মিনিট ভাজুন। মিক্সটি ঠান্ডা হতে দিন। এবার হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিন। এতে মোজেরেলা চিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ছোট ছোট ফিশ চপ তৈরি করুন। আরেকটি পাত্রে ৩ টেবিল চামচ নাগেটস মিক্স, ময়দা এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিন। এবার ময়দার মিশ্রণে ফিশ চপগুলো ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিন। বাদামি রং ধারণ করলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৩ জুন ২০১৮
জাগোনিউজ২৪.কম

Monday, June 11, 2018

ইফতারে ভাজাপোড়ার বদলে রাখুন ‘চিকেন সালাদ’


ইফতারের সময় বলা হয় যে ভাজাপোড়া না খাওয়ার জন্য। তবে সারাদিন রোজা রেখে কিছু তো খেতে হবে তাই না? তাই স্বাদ, স্বাস্থ্য সব দিক ঠিক রেখে খেতে পারেন মজাদার চিকেন সালাদ। সালাদ তো অনেক রকম খেয়েই থাকেন। যেমন শশা সালাদ, সবজি সালাদ, চিকেন সালাদ, ফ্রুট সালাদ ইত্যাদি। আজ ইফতারে তৈরি করুন চিকেন সালাদ। কারণ এতো এতো সালদের ভীড়ে মুরগির মাংস দিয়ে খেয়ে দেখুন এই ভিন্ন স্বাদের সালাদটি। আপনার সারাদিনের খুদা ও রুচি পরিবর্তনের জন্য এই অনেক ভালো কাজ দিবে।

চিকেনের উপকরণ:

মুরগির মাংস ২৫০ গ্রাম

ভিনেগার ১ টেবিল-চামচ, (ইচ্ছা না দিলেও চলে ভিনেগারের বদলে লেবুর রস ব্যবহার করুন)

আদাবাটা আধা চা-চামচ,

রসুনবাটা আধা চা-চামচ,

গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ,

শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ,

লবণ স্বাদ মতো, পানি দেড় কাপ।

ওপরের সব উপকরণ দিয়ে মাংস সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। আপনি চাইলে গ্রিলড করা মাংস নিতে পারেন। তবে তেলে ভাজা বা রান্না হলে চলবে না)

সালাদ ড্রেসিংয়ের জন্য উপকরণ:

পানি ঝরানো টকদই ১ কাপ,

আপেল কিউব ১ কাপ,

শশা কিউব আধা কাপ,

পুদিনাপাতা কুচি ১ টেবিল-চামচ,

ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ,

টমেটো কিউব আধা কাপ,

গাজরের কিউব আধা কাপ,

কাঁচা মরিচের কুচি (বিচি ফেলে নেওয়া) ১টা,

ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ,

লেবুর রস ১ টেবিল-চামচ,

লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো,

গোলমরিচের গুঁড়া স্বাদ মতো,

তেঁতুলের চাটনি ১ টেবিল-চামচ। (ইচ্ছা, সারাদিন রোজা রেখে তেঁতুলটা এড়িয়ে চলাই ভালো)

প্রণালি: দইয়ের সঙ্গে পুদিনাপাতা, ধনেপাতা, লেবুর রস, লবণ, চিনি, গোলমরিচ, তেঁতুলের চাটনি দিয়ে মিলিয়ে ঠাণ্ডা (ঠাণ্ডা পরিবেশন) করে নিতে হবে।

পরিবেশনের আগে দইয়ের মিশ্রণ দিয়ে চিকেন, আপেল, শশা, গাজর, টমেটো ও কাঁচা মরিচের কুচি মিলিয়ে নিতে হবে। এবার সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।   

রেসিপিটি প্রকাশিত হয়, মে ২২, ২০১৮

Sunday, June 10, 2018

সেহেরিতে মাছ-মাংসের বিকল্প ‘সয়া মাঞ্চুরিয়ান’


ভেজিটেরিয়ানরা মাছ-মাংসের বদলে সয়াবড়ি খেয়ে থাকেন। এটি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। অনেকটা কুমড়ো বড়ির মতো। সয়াবড়ি পছন্দ করলে সেহেরিতে মাছ বা মাংসের বিকল্প হিসেবে রাখতে পারেন সয়াবড়ির ‘সয়া মাঞ্চুরিয়ান’। আসুন আজ জেনে নেই সয়াবড়ির রেসিপিটি।

উপকরণ:

সয়াবড়ি ২ কাপ,

ময়দা ৪ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার ২-৩ টেবিল চামচ,

আদা বাটা ১ চা চামচ

রসুন বাটা ১ চা চামচ

গোল মরিচ গুঁড়ো সিঁকি চা চামচ

সয়াবিন তেল পরিমাণ মতো

লবণ স্বাদ মতো


সস তৈরির জন্য :

পেঁয়াজ ১টি কুচি করে কাটা,

রসুন কুচি ৫-৬টি কোয়া

কাঁচা মরিচ কুচি ২টি

সাদা ভিনেগার ২ চা চামচ

টমেটো সস ২-৩ টেবিল চামচ

চিলি গার্লিক সস ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার ২-৩ চা চামচ

সোয়া সস ২ চা চামচ

সয়াবিন তেল ২-৩ টেবিল চামচ

আধ কাপ পানি

পেঁয়াজ কলি আধ কাপ (কুচি করে কাটা)


প্রণালী:

সয়াবড়ি সেদ্ধ করে ভালো মতো ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন৷ এবার ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, গোল মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে তাতে সামান্য তেল দিয়ে মিশিয়ে নিন৷ কড়াইতে তেল দিন৷ তেল গরম হলে এবার সয়াবড়ি ব্যাটারে ডুবিয়ে ডিপফ্রাই করে নিন যতক্ষণ না মচমচে হয়ে যায়৷

আলাদা একটা প্যানে ২ থেকে ৩ চেবিল চামচ তেল দিন৷ তাতে কুচি করে রাখা রসুন ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন৷ এবার পেঁয়াজ কুচি দিয়ে আরও বেশ খানিকক্ষণ ভাজুন৷ টমেটো সস, সোয়া সস, চিলি গার্লিক সস ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ এবার আধ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে কড়াইয়ে দিয়ে দিন, ঝোল ঘন হয়ো আসবে৷ এবার ভেজে রাখা সোয়াবড়ি দিয়ে পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে দিন৷ সয়া মাঞ্চুরিয়ান তৈরি৷

উপর থেকে সামান্য পেঁয়াজকলি কুচি ছড়িয়ে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন৷

রেসিপিটি প্রকাশিত হয়, মে ২১, ২০১৮

কাঁঠালের গুণাগুণ


গ্রীষ্ম মৌসুমের ফল কাঁঠাল শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নানান রোগের প্রতিকারক হিসাবেও কাজ করে।

ভারতীয় পুষ্টিবিদ রুজুতা দেওয়াকর একটি পুষ্টিবিষয়ক প্রতিবেদনে জানান, কাঁঠাল অন্ত্রের বন্ধু। তাছাড়া ইন্সুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং চুলের জন্যেও ভালো।

পুষ্টিগুণ: কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন এ এবং সি, রিভোফ্লেভিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামে ভরপুর থাকে কাঁঠালে। স্বাস্থ্যকর ক্যালরির জন্য এই ফল কাঁচা অবস্থায় রান্না করে কিংবা আঁচার বানিয়ে খাওয়া যেতে পারে। আর পাকা-কাঁঠাল স্বাদে অনন্য।

রক্তে শর্করার মাত্রা: কাঁঠালের ‘গ্লাইসেমিক ইন্ডেক্স’ কম, অর্থাৎ রক্তে শর্করার মাত্রার উপর কম প্রভাব রাখে। প্রধান কারণ আঁশ সমৃদ্ধ। তাই হজম হয় ধীরে। তাই হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। এছাড়া কাঁঠালে রয়েছে প্রোটিন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আঁশ: কাঁঠালের আঁশ ও কার্বোহাইড্রেইট হজমের জন্যেও ভালো এবং অন্ত্রের কর্মক্ষমতা ঠিক রাখে। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য কাঁঠাল খুবই উপকারী।

ডায়াবেটিক রোগীদের জন্য আদর্শ: ক্যারটিনয়েডস ও ফ্লাভানোন্স সমৃদ্ধ কাঁঠাল প্রদাহরোধী উপাদানেও ভরপুর। তাই হৃদরোগ ও কোলেস্টেরলের সমস্যা যাদের আছে তাদের জন্য এটা আদর্শ। এর অ্যান্টিঅক্সিডেন্ট এসব রোগীদের জন্য উপকারী।  

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কাঁঠালের ভিটামিন ‘এ’ এবং ‘সি’ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দক্ষিণ ভারতে পেট খারাপ ও অ্যাজমা প্রতিকারে কাঁঠাল খাওয়ানো হয়।

ঈদের উৎসবে বাহারি হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি


মজাদার হায়দ্রাবাদি দম বিরিয়ানি।ঈদ মানে আনন্দ, নতুন জামা, ঘুরাঘুরি আর জম্পেশ খাওয়া দাওয়া। বিরিয়ানি ছাড়া ঈদ ভাবাই যায় না। বিরিয়ানিপ্রেমীদের কাছে হায়দ্রাবাদি বিরিয়ানি বেশ জনপ্রিয়। আজ আপনাদেরকে রেস্টুরেন্টের পারফেক্ট হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপিটা দেব। দেখে নিন হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানির রেসিপিটা। 

উপকরণ:

১.৫ কেজি খাসির মাংস

১.৫ চা চামচ আদা রসুনের পেস্ট

১টি লেবুর রস

১/২ চা চামচ হলুদের গুঁড়ো

১/২ চা চামচ মরিচের গুঁড়ো

২ চা চামচ গরম মশলার গুঁড়ো

১ চা চামচ লবণ

২টি কাঁচা মরিচ

২ টেবিল চামচ টকদই

৫ চা চামচ কাঁচা পেঁপের পেস্ট

পুদিনা পাতা

পেঁয়াজ বেরেস্তার জন্য

৭-৮টি পেঁয়াজ পাতলা করে কাটা

১ টেবিল চামচ তেল

১ কেজি বাসমতি চাল

লবণ

১ টেবিল চামচ ঘি

আস্ত মশলা (দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা)

জাফরন

প্রণালী:

১।খাসির মাংসের সাথে সবগুলো একসাথে মিশিয়ে মেরিনেট করতে দিন। এটি ফ্রিজে ১২ ঘন্টা রেখে দিন।

২। পেঁয়াজ বেরেস্তা জন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। বাদামী রং না হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজুন। বেরেস্তা হয়ে গেলে নামিয়ে ফেলুন।

৩। বাসমতী চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। লবণ দিয়ে এটি রান্না করুন।

৪। দম বিরিয়ানি রান্নার জন্য চুলায় প্যান গরম করতে দিন। এতে ১ টেবিল চামচ তেল এবং ৩ টেবিল চামচ ঘি দিয়ে দিন। এরসাথে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিন।

৫। এবার এতে মেরিনেইট করা মাংস দিয়ে দিন। এটি ৫ মিনিট রান্না করুন। এরপর চুলা বন্ধ করে দিন।

৬। মাংসের ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিন। তার উপর সিদ্ধ বাসমতী চাল দিয়ে তারউপর জাফরান মেশানো দুধ দিয়ে দিন। এরপর আরেক লেয়ার চাল দিয়ে, জাফরান, ধনেপাতা, পুদিনা পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

৭। ঢাকনার চারপাশে আটা দিয়ে ভালো করে সিল করুন।  

৮। চুলায় একটি তাওয়া দিন। তার উপর বিরিয়ানির পাতিলটি বসান। এটি দমে ৪৫ মিনিট থেকে এই ঘন্টা রাখুন।

৯। এক ঘন্টা পর নামিয়ে পরিবেশন করুন মজাদার দম বিরিয়ানি।



রেসিপিটি প্রকাশিত হয়, ২৫ জুন ২০১৭
প্রিয়.কম