Friday, September 30, 2011

আমিত্তি পিঠা


উপকরণ : চালের গুঁড়া আধা কেজি, তেল এক কেজি, গুড় এক কেজি, লবণ আধা চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি : প্রথমে পানিতে লবণ দিয়ে চালের গুঁড়ার খামির তৈরি করতে হবে। খামিরটি ভালোভাবে মাখতে হবে। এরপর খামির দিয়ে চিকন লতির মতো করে তা দিয়ে একের পর এক রিং তৈরি করে আমিত্তির আকৃতি দিতে হবে। তারপর তা তেলে বাদামি রঙ করে ভেজে গুড়ে পাক দিয়ে পরিবেশন করতে হবে।

আনারস পিঠা


উপকরণ : ময়দা আধা কেজি, তেল এক কেজি, গুড় এক কেজি, লবণ এক চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি : ময়দা ও লবণ দিয়ে খামির করে পাতলা রুটি তৈরি করতে হবে। রুটি তৈরির পর তা চিকন করে কেটে নিতে হবে। তারপর কেটে নেওয়া রুটিগুলো একসঙ্গে রেখে একটির ওপর আরেকটি বুনে যেতে হবে। বুনন শেষে দুই মাথা একসঙ্গে জুড়ে দিতে হবে। তেলে বাদামি রঙ করে ভেজে গুড়ে পাক দিতে হবে। তারপর তা পরিবেশন করুন।

কুশলী পিঠা


উপকরণ : ময়দা আধা কেজি, তেল এক কেজি, মাংসের কিমা আধা কেজি, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।

প্রণালি : ময়দা, লবণ ও পানি দিয়ে খামির তৈরি করতে হবে। তারপর ছোট রুটি বেলতে হবে। রুটির ভেতর কিমা দিয়ে পুঁটলি তৈরি করতে হবে। তারপর তেলে বাদামি রঙ করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

ইলিশ পিঠা


উপকরণ : ময়দা আধা কেজি, তেল এক কেজি, মাংসের কিমা আধা কেজি, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, গাজর দুটি, পেঁয়াজ পাতা পরিমাণমতো।

প্রণালি : ময়দা, লবণ দিয়ে প্রথমে খামির তৈরি করতে হবে। তারপর মাংসের কিমা সিদ্ধ করে গাজর ও পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে পুর তৈরি করতে হবে। এরপর খামির দিয়ে লম্বা রুটি তৈরি করে তার দুই দিক ছোট করে কেটে নিতে হবে। তারপর রুটির মধ্যে পুর দিয়ে কাটা অংশগুলো একের পর এক রেখে বুনে যেতে হবে, যা দেখতে মাছের মতো লাগবে। তেলে বাদামি রঙ করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

বাদাম-নারকেলের ঝালপিঠা


উপকরণ: কুরানো নারকেল ৩ কাপ, আধা ভাঙা চিনাবাদাম আধা কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, সামান্য এলাচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ পরিমাণমতো, লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, আতপ চালের গুঁড়া ২ কাপ, ভাজার জন্য তেল ৩ কাপ, গোলমরিচ ও জিরার গুঁড়া ১ চা-চামচ করে।

প্রণালি: চুলায় নারকেলে সামান্য লবণ দিয়ে একে একে সব মসলা, বেরেস্তা, ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু নেড়ে নিন। এবার বাদাম, গোলমরিচ, জিরা ও এলাচ গুঁড়া দিয়ে দুই মিনিট রেখে নামাতে হবে। ময়দা ও চালের গুঁড়া একসঙ্গে সেদ্ধ করে খামির বানিয়ে ঠান্ডা হলে ছেনে নিতে হবে। এখন রুটি বানিয়ে যেকোনো আকারে ভাঁজ দিয়ে ভেতরে বাদাম-নারকেলের পুর ভরে নিতে হবে। এবার কিনারে একটু মুড়ি ভেঙে বা ছুরি দিয়ে ডিজাইন করে গরম তেলে লাল করে ভেজে তুলতে হবে।

নারকেলের নাড়ু


উপকরণ: নারকেল কোরানো ৪/৫ কাপ, ২৫০ গ্রাম গুড়।

প্রণালি: গুড় ও কোরানো নারকেল একসঙ্গে করে জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যখন আঁশ হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এরপর নাড়ু বানাতে হবে।

খইয়ের মুড়কি


উপকরণ: খই ৫০০ গ্রাম, গুড় ৩০০ গ্রাম।

প্রণালি: গুড় কড়াইয়ের মধ্যে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে খইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে পরিবেশন। খই নির্দিষ্ট একটি বড় পাত্রে রাখলে খইয়ের মুড়কি বানাতে অনেক সুবিধা হয়।