মাছের রাজা ইলিশ। আর তাই তো এই মাছটির প্রয়োজন হয় বিশেষ আদর-যত্ন। বাবুর্চিরা বলে, সকলে নাকি ইলিশ রাঁধতে পারে না! কথা হয়তো ঠিক। কারণ অনেকেই অভিযোগ করেন যে রান্নায় সব আছে, কেবল ইলিশের ফ্লেভারটিই নেই। অর্থাৎ, ইলিশের স্বাদ-গন্ধ সবার হাতে খোলে না।
এর কারণটি কি জানেন?
আমি আগেও বলেছি, ইলিশ রান্নায় মসলার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কৌশল। যত সাধারণ মশলায় ইলিশ রাঁধা যাবে, ততই আপনার রান্না হয়ে উঠবে মজাদার।
মাছকে ভেজে কুচি পেঁয়াজ ও মসলার দিয়ে মাখা মাখা রান্নাটাই হচ্ছে ইলিশের ভুনা।আজ আমরা নিয়ে এসেছি সেই ইলিশ ভুনার রেসিপি। এই রেসিপিটি এত সহজ যে রাঁধতে প্রয়োজন হয় মাত্র ৩ টি মসলার। ব্যাচেলর বা নতুন রাঁধুনিরাও খুব সহজে রাঁধতে পারবেন। কেবল ভাত নয়, পোলাও কিংবা বিরিয়ানির সাথেও চমৎকার লাগবে খেতে।
যা লাগবে
একটু মোটা করে কাটা ইলিশ ৬ পিস
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
টমেটো কুচি মাঝারি ২ টি
কাঁচা মরিচ, ধনে পাতা ও লবণ স্বাদমতন
হলুদ আধা চা চামচ
মরিচ গুঁড়ো আধা চা চামচ
তেল প্রয়োজনমতন
প্রণালি
- মাছে হালকা হলুদ ও লবণ মেখে অল্প তেলে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না, হালকা ভাজা। বেশি ভাজলে মাছের সব তেল বেরিয়ে যাবে।
- এবার সেই একই প্যানে আরও একটু তেল দিয়ে কাঁচামরিচ ফালি দিন। গন্ধ ছড়ালে পেঁয়াজ কুচি দিয়ে দিন। আজ মাঝারি রাখুন। পেঁয়াজ নরম ও চকচকে হলে টমেটো কুচি দিয়ে দিন। লবণ দিন ও ভাজতে থাকুন।
-টমেটো নরম হলে পেঁয়াজ বাটা, হলুদ ও মরিচ দিয়ে দিন। সামান্য পানি দিয়ে মশলা মাঝারি জ্বালে কষিয়ে নিন। ততক্ষণ পর্যন্ত কষাবেন, যতক্ষণ পর্যন্ত ঘন গ্রেভি না হচ্ছে।
-গ্রেভি তেলের ওপরে উঠলে আরও একটু পানি দিন। ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৩/৪ মিনিট রান্না করুন। মাঝে একবার উল্টে দেবেন।
-একটু মাখা মাখা থাকতেই ধনেপাতা ও মরিচ দিয়ে চুলো নিভিয়ে দিন। কারণ পরে ঝোল আরও শুকিয়ে যাবে।
আরও ১০ মিনিট পর পরিবেশন করুন গরম ভাতের সাথে।
রেসিপিটি প্রকাশিত হয়, ০৮ ফেব্রুয়ারি ২০১৮













Bangladeshi Taka Converter