Tuesday, April 17, 2018

ঘরেই তৈরি করতে পারেন ‘মিষ্টি দই’


বাঙালির প্রিয় মিষ্টান্নগুলোর মধ্যে মিষ্টি দই অন্যতম। বিভিন্ন অনুষ্ঠানের সময় বা বা ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য অনেকেই দই কেনার জন্য মিষ্টির দোকানে ভিড় জমান। বড় কোনো অনুষ্ঠানের জন্য হলে দোকান থেকেই দই কিনতে হবে। কিন্তু ঘরোয়া ছোটখাট আয়োজনের জন্য আপনি বাড়িতেই তৈরি করতে পারেন দোকানের মতোই সুস্বাদু ‘মিষ্টি দই’। দেখে নিতে পারেন রেসিপিটি।  



উপকরণ:

- দুধ ১ লিটার

- পানি ১ কাপ

- চিনি ২০০ গ্রাম

- দইয়ের বীজ ২ টেবিল চামচ

- মাটির পাত্র ১টি

দইয়ের বীজ তৈরির পদ্ধতি:

দইয়ের বীজ দুভাবে নেয়া যায়

১. আগের দই থেকে ২ টেবিল চামচ

সরিয়ে রাখুন।

২. ১ কাপ দুধে ১ কাপ পরিমাণে গুঁড়ো

দুধ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ক্ষীরসা তৈরি করে নিন। এটিই দইয়ের বীজ হিসেবে কাজ করবে।

দই জমানোর পদ্ধতি: একটি পাত্র দুধ নিয়ে এতে ১ কাপ পানি 
মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে হয়ে এলে এতে চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন। দুধ আরো ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। আঙুল ডুবিয়ে দেখুন গরম সহ্য করা যায় কিনা। এই ধরনের গরম থাকতে দুধে দইয়ের বীজ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।

এরপর মাটির পাত্রে ঢেলে ভারি মোটা কাপড় বা চটের কিছু দিয়ে ঢেকে অন্ধকার ও ঠান্ডা জায়গায় রেখে দিন ৬-৭ ঘণ্টা। যদি ঠান্ডা দই খেতে চান তবে ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন।


রেসিপিটি প্রকাশিত হয়,  এপ্রিল ১৭, ২০১৮