চলে এসেছে বৈশাখ। গ্রীষ্মের এই সময়ে যতটা সম্ভব সহজপাচ্য খাবার খাওয়াটাই দেহের জন্য উত্তম। পেঁপে, লাউ, জালি কুমড়ার মতো সবজি এই সময়ে খাদ্য তালিকায় বেশি পরিমাণে রাখা যেতে পারে। আর তাই পাঠকদের জন্য আমরা নিয়ে এসেছি সাধারণ পেঁপে দিয়ে সায়মা সুলতানার একটি অসাধারণ রেসিপি ‘পেঁপের ঝাল’। খুব অল্প মসলায় ১২ থেকে ১৫ মিনিটেই রান্না করা যায় এই খাবারটি। হোটেলগুলোতে পরোটার সঙ্গে যে নিরামিষ সবজি পরিবেশন করা হয়, স্বাদ হবে ঠিক সেই রকম। ফ্রিজে রেখে কয়েকদিন খেলেও স্বাদে হেরফের হবে না।
যা লাগবে
পেঁপে টুকরা করা আধা কেজি
আস্ত সরিষা আধা চা চামচ
আস্ত জিরা আধা চা চামচ
শুকনা মরিচ দুটি
তেজপাতা দুই থেকে তিনটি
আদা বাটা দেড় চা চামচ
তেল দুই টেবিল চামচ
লবণ স্বাদমতো
প্রণালি
-প্রথমে হাঁড়িতে তেল দিয়ে আস্ত জিরা ও সরিষা, তেজপাতা, শুকনা মরিচ দিন।
-ফুটে উঠতে শুরু করলে আদা বাটা ও অল্প পানি দিয়ে নাড়াচাড়া করেই টুকরা করা পেঁপে দিয়ে দিন।
-এখন এর সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ আর আধা কাপ গরম পানি দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করুন ১০ থেকে ১২ মিনিট।
-ঝোলের পানি শুকিয়ে পেঁপে সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নিন। ঝোল ঘন করতে চাইলে সামান্য পোস্ত দানা বাটা বা নারিকেলের দুধ যোগ করতে পারেন।
-নামানোর আগে স্বাদ অনুযায়ী ছড়িয়ে দিতে পারেন ধনেপাতা ও কাঁচা মরিচ।
গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পরোটার সঙ্গে। বৈশাখের আয়োজনেও মানিয়ে যাবে চমৎকার।
রেসিপিটি প্রকাশিত হয়, ১৪ এপ্রিল ২০১৮













Bangladeshi Taka Converter