Saturday, May 26, 2018

ইফতারে ভিন্নতা আনতে ‘চিকেন উইথ হোয়াইট মাশরুম সস’


রোজকার ভাজাপোড়া আজকাল অনেকেই খেতে চান না, ইফতারের স্বাদে খোঁজেন ভিন্নতা। বিদেশি খাবার দ্রুত আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে, তাই রেস্তোরাঁগুলোতে সবসময় লেগেই থাকে ভিড়। আজ তাহলে বাড়িতেই নিয়ে আসুন রেস্তোরাঁ, খুব সহজে তৈরি করে নিন এই খাবারটি। স্বাদে অনন্য, সময় বা উপাদানও খুব একটা প্রয়োজন নেই। রেসিপিটি দুই ভাগে বিভক্ত, চিকেন বেক করা এবং মাশরুম সস তৈরি। রেসিপি জানাচ্ছেন সায়মা সুলতানা।

বেকড চিকেন তৈরি (উপকরণ ও প্রণালি)

—মুরগির বুকের/রানের মাংস ৪ টুকরো
—মেয়োনিজ ১ টেবিল চামচ 
—পাপরিকা পাউডার ১ চা চামচ
—গার্লিক পাউডার ১ চা চামচ (রসুন বাটাও দিতে পারেন) 
—জিঞ্জার পাউডার ১ চা চামচ (আদা বাটাও দিতে পারেন) 
—চিকেন স্টক কিউব ১টি
—সয়া সস ২ চা চামচ
—টমেটো সস ১ চা চামচ
—লেবুর রস ১ টেবিল চামচ
—স্বাদ অনুযায়ী লবণ

—একটি বাটিতে উপরের সব উপকরণ একসঙ্গে মেখে মেরিনেট করে রাখুন এক ঘণ্টা।
—এক ঘণ্টা পর একটা বেকিং ট্রে-তে ফয়েল পেপার বিছিয়ে নিন, এর মধ্যে মেরিনেট করা মাংস ছড়িয়ে দিন। কয়েক টুকরো টমেটো মাঝে মাঝে বিছিয়ে দিন আর এর ওপর ১ চা চামচ পরিমাণ অলিভ অয়েল ছিটিয়ে ট্রে-টি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিন, যেন ভেতর থেকে ভাপ কোনোভাবেই বের না হতে পারে।
—এখন ১৬০ ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে রান্না করুন ৪০ মিনিট। 
—৪০ মিনিট পর ট্রে টি ওভেন থেকে বের করে নিন। 
—যারা ওভেন ছাড়া রান্না করতে চান সে ক্ষেত্রে মেরিনেট করা মাংসগুলো অল্প পানি, টমেটো টুকরা দিয়ে একটা হাঁড়িতে ঢাকনা লাগিয়ে খুব অল্প আঁচে রান্না করুন।

মাশরুম সস তৈরি (উপকরণ ও প্রণালি)

—বাটন মাশরুম ছোট কিউব ২ কাপ
—পেঁয়াজ কিউব ২ কাপ
—গোলমরিচ ফাঁকি ২ চা চামচ 
—সিঙ্গেল ক্রিম ২ টেবিল চামচ (না দিয়েও করতে পারেন, দুধও দেওয়া যায় ) 
—তেল ২ টেবিল চামচ
—লবণ স্বাদমতো

—প্যানে তেল দিয়ে তেল গরম হলে দিন পেঁয়াজ কিউব, গোলমরিচ ফাঁকি, মাশরুম কিউব আর ক্রিম। 
—ঝোলটা টেনে এলে লবণ স্বাদমতো দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। 
—এখন প্লেটে মাংসের পিসগুলো সাজিয়ে তার ওপর মাশরুম সস দিয়ে সালাদ কিংবা স্টিম ভেজিটেবল দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ২৫ মে ২০১৮
প্রিয়.কম