Tuesday, November 20, 2012

চুইঝালে মাংস ভুনা


উপকরণ: গরুর মাংস ২ কেজি, চুইঝাল মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, কাঁচা মরিচ ৫-৬টি, সরিষার তেল ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: মাংস ধুয়ে লবণ ও টকদই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সব মসলা কষিয়ে মাংস ও চুইঝাল দিয়ে কয়েকবার কষান। পরে পানি দিন। মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া দিয়ে নামান।

Wednesday, November 14, 2012

সবজি-কিমা কাবাব



উপকরণ: সেদ্ধ করা গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, সেদ্ধ সবজি (পছন্দমতো) ১৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, শুকনো মরিচ ২-৩টি, জিরা আধা চা-চামচ, দারচিনি ২ টুকরা, আদাকুচি ১ চা-চামচ, গোলমরিচ ১০-১২টি, এলাচ ২-৩টি, রসুনকুচি ১ চা-চামচ, জায়ফলের গুঁড়া সিকি চা-চামচ, ডিম ১টি, পাউরুটির গুঁড়া প্রয়োজনমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, দুধ ১ কাপ, পাউরুটি ৩ টুকরা, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, মাখন ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ।

প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল-চামচ তেল দিয়ে তাতে শুকনো মরিচ, জিরা, দারচিনি, এলাচি, রসুন, আদা ও গোলমরিচ দিয়ে হালকা ভেজে তুলুন। ঠান্ডা হলে ভাজা মসলার সঙ্গে কিমা বেটে নিন। কিমার মধ্যে বেকিং পাউডার, বেরেস্তা, জায়ফল গুঁড়া, ডিম, দুধে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। সেই সঙ্গে প্রয়োজনমতো পাউরুটির গুঁড়াও দিন। এবার এই মিশ্রণ থেকে বল তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। ফ্রাইপ্যানে মাখন দিয়ে তাতে আস্ত সবজিগুলো দিয়ে লবণ ও টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নিন। এবার বলগুলো কাঠিতে গেঁথে সবজি দিয়ে পরিবেশন করুন।

মাংসের পিঠা

  

উপকরণ: মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, ধনেপাতা ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, আতপ চালের গুঁড়া ৩০০ গ্রাম।

প্রণালি: সসপ্যানে লবণ ও পানি জ্বাল দিয়ে তাতে বলক উঠলে চালের গুঁড়া দিন। মৃদু আঁচে ঢাকনা দিয়ে তিন-চার মিনিট দমে রাখুন। ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে কিছুটা গরম অবস্থায় মাখিয়ে নিন। ছোট ছোট লেচি কেটে রুটি আকারে বেলে নিন।
ফ্রাইপ্যানে ৪ টেবিল-চামচ তেল দিয়ে তাতে কিমা, পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, গরম মসলা, ধনেপাতা, লবণ দিয়ে একটি পুর তৈরি করে ঠান্ডা করে নিন। রুটির টুকরোর ভিতর পুর দিয়ে পছন্দমতো আকার গড়ে ডুবোতেলে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।

Tuesday, November 13, 2012

বিফ মোমো



উপকরণ (১): মাংসের কিমা ১ কাপ, আদার রস ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, ধনেপাতা ১ টেবিল-চামচ। এসব উপকরণ দিয়ে মৃদু আঁচে রান্না করে পুর তৈরি করতে হবে।

উপকরণ (২):
ময়দা ৩০০ গ্রাম, লবণ সামান্য, পানি প্রয়োজনমতো। ময়দা মেখে ডো বানিয়ে ঢেকে রাখতে হবে ২০ মিনিট।

প্রণালি:
ময়দার খামির দিয়ে ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। এতে কিমার পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। ভাপে অথবা প্রেসার-কুকারে সেদ্ধ করে নিন। সসের সঙ্গে গরম গরম মোমো পরিবেশন করুন।

পোহে

  

উপকরণ: চিঁড়া ১ কাপ, মাংসের কিমা ১ কাপ (সেদ্ধ করা), আলু ১টি, টমেটো ১টি, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, আদাকুচি ১ চা-চামচ, নারকেল কোরানো ২ টেবিল-চামচ, ধনেপাতা বা কারিপাতা ৮-১০টি, তেল বা ঘি প্রয়োজনমতো, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, ডিম ১টি, কাঁচা মরিচকুচি ৩টি।

প্রণালি: চিঁড়া ভালো করে ধুয়ে নিন। আলু ও টমেটো ছোট ছোট টুকরা করে নিন। কড়াইয়ে তেল বা ঘি দিয়ে তাতে কারিপাতা বা ধনেপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন। তারপর আলু, মাংসের কিমা ও টমেটো দিয়ে কষান। কষা হয়ে গেলে ধুয়ে রাখা চিঁড়া ও সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ পর নামিয়ে আদাকুচি, ধনেপাতাকুচি, কাঁচা মরিচকুচি ও নারকেল কোরানো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

Friday, November 9, 2012

পট রোস্ট



উপকরণ: হাড় ছাড়া গরুর মাংসের চাকা ১ কেজি, গোলমরিচ ২০-২৫টা, লবণ পরিমাণমতো, ময়দা ১ টেবিল-চামচ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল-চামচ, ছোট আলু ৮-১০টা, মাখন ৩ টেবিল-চামচ, ক্যাপসিকাম স্বাদমতো।
প্রণালি: প্রথমে মাংসের চাকাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ধুয়ে মুছে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এরপর ময়দার সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে তার মধ্যে মাংসের টুকরা আলতোভাবে গড়িয়ে নিতে হবে। বড় পাতিলে কম আঁচে মাখন গলিয়ে নিয়ে তাতে ময়দা মাখানো মাংস হালকা বাদামি করে ভাজতে হবে। এরপর পাতিলে প্রচুর পানি দিয়ে মাংস কম আঁচে সেদ্ধ করতে হবে। সাত-আট ঘণ্টা সেদ্ধ করে পানি কমে গেলে আবার একটু একটু করে পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে এবং পানি মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিতে হবে। এরপর ফ্রাই প্যানে মাখন গলিয়ে তাতে ছোট সেদ্ধ আলু এবং ক্যাপসিকাম গোটা গোটা করে কেটে হালকা ভাজতে হবে। এরপর মাংসে যতটুকু পানি ছিল, তা আলাদা করে নিয়ে তাতে একটু কর্ন ফ্লাওয়ার এবং গুঁড়া দুধ মিশিয়ে ঘন করতে হবে। এরপর একটা বড় কাচের ডিশের মাঝখানে মাংসের টুকরাটা রেখে তার চারধারে সবজিগুলো বিছিয়ে দিতে হবে। তার ওপর বানানো ঘন ঝোল ঢেলে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Thursday, November 8, 2012

খাসির স্টেক



উপকরণ: হাড়সহ খাসির মাংস ৮ টুকরা (বড় করে কাটা), জলপাই তেল ১ টেবিল-চামচ, ময়দা প্রয়োজনমতো, মাশরুম ১ ক্যান, সেদ্ধ সিমের বিচি প্রয়োজনমতো, রসুন (মাঝারি কোয়া) ১০-১২টা, মাখন ১ টেবিল-চামচ, কমলার রস আধা কাপ, কমলাকুচি আধা কাপ, লবণ, গোলমরিচ।

প্রণালি:
মাংস পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। ময়দায় লবণ ও গোলমরিচ মিশিয়ে তাতে মাংসগুলো একটু গড়িয়ে নিতে হবে। মোটা তলার ফ্রাইপ্যানে জলপাই তেল গরম করতে হবে। তাতে মাংস দিয়ে দুই পিঠ বাদামি করে ভাজতে হবে। এরপর কড়াইয়ে মাখন দিয়ে তাতে মাশরুম ও সেদ্ধ সিমের বিচি অল্প লবণ দিয়ে হালকা ভাজতে হবে। এগুলো উঠিয়ে ওই তেলে রসুন কোয়া, কমলাকুচি এবং বেশি করে পানি দিয়ে তার মধ্যে ভাজা খাসির মাংস দিয়ে ঢেকে দিতে হবে। কম আঁচে পাঁচ-ছয় ঘণ্টা জ্বাল দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে ফেলে তাতে কমলার রস দিয়ে আরেকটু জ্বাল দিতে হবে। এরপর একটি বড় প্লেটে মাংস, সিমের বিচি মাশরুম দিয়ে সাজিয়ে পরিবেশন চারজনের জন্য।