ইলিশ রান্না করাটা রীতিমত একটা শিল্প। কেবল জাতীয় মাছ বলে নয়, স্বাদে-গন্ধে ইলিশ এখনও মাছের রাজা বৈকি। যদিও আজকাল হরেক রকমের বিদেশী মাছও মেলে বাংলাদেশের বাজারে, কিন্তু তারপরেও ইলিশের আবেদন সবসময়েই অনন্য।
নতুন রাঁধুনিরা তো বটেই, অনেক পাকা রাঁধুনিও ইলিশ রাঁধতে গেলে একটু ভড়কে যান। কারণ অল্পতেই নষ্ট হয়ে যায় এর স্বাদ ও ঘ্রাণ। নরম মাছ বিধায় ভেঙেও যায় খুব সহজে। যত কম মশলা, তত বেশি স্বাদ- ইলিশের ক্ষেত্রে এই কথা ষোল আনা সত্যি।
চলুন, আজ তাহলে জানি মাত্র তিনটি মশলায় ভীষণ সুস্বাদু এক ইলিশ রেসিপি। এই ডিশটি খাবার পর নিজেই মুগ্ধ হবেন নিজের রান্নায়।
যা লাগবে
ইলিশ মাছ ৬ টুকরো
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ (পেঁয়াজ কুচি হলেও চলবে)
হলুদ গুঁড়ো আধা চা চামচের একটু কম
মরিচ গুঁড়ো আধা চা চামচের একটু বেশি
লবণ স্বাদ মত
তেল ২ টেবিল চামচ
কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী
সবজি দিতে চাইলে পটল, কুমড়ো ইত্যাদি দিতে পারেন। তবে বেশি নয়, ৪/৫ টুকরো করে।
প্রণালি
-ইলিশে তেল কম দিতে হয়, কারণ মাছ নিজেই অনেক তেল ছাড়বে। তাই দুই টেবিল চামচ তেল দিয়ে এতে চিকন ফালি করা কাঁচামরিচ দিয়ে দিন। সামান্য গন্ধ ছড়ালে পেঁয়াজ বাটা দিয়ে দিন।
-একটু নেড়ে হলুদ-মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিন। অল্প আঁচে একটু কষিয়ে নিন। এবার পানি যোগ করে কষান।
-মশলা কষে তেল ভেসে উঠলে অল্প পানি ও সবজি গুলো দিয়ে দিন। ডাঁটা, পটল ইত্যাদি দিতে চাইলে এখন দেবেন। আর সবার শেষে মাছের সাথে দেবেন কুমড়ো। কারণ একেক সবজি রান্না হবার সময় ভিন্ন। বেশি আগে দিলে কুমড়ো গলে যাবে।
-পটল একটু সেদ্ধ হলে মাছ ও কুমড়ো যোগ করুন। আরও একটু পানি দিন। ৬ পিস ইলিশ মাছে পাতলা ঝোল চাইলে ২ গ্লাস পানি ও মাখা মাখা ঝোল চাইলে এক গ্লাস পানি দিলেই হবে। লবণ পানি আন্দাজে দেবেন।
-ভরা আঁচে ঢাকনা ছাড়া রান্না করুন। ইলিশ অল্প আঁচে রান্না করলে ভেঙে যাবে। ৪/৫ মিনিটের মাঝেই ইলিশের ঝোল টেনে আসবে, তেল ছেড়ে দেবে। এবার একটু কমিয়ে দিন। ঝোল পছন্দ সই ঘন হলে ও সবজি সেদ্ধ হলে চুলো নিভিয়ে নিন। আস্ত কাঁচামরিচ দিয়ে দিন।
কিছুক্ষণ পর ওপরে তেল ভেসে উঠলে পরিবেশন করুন গরম ভাতের সাথে। যারা ইলিশ মাছ খেতে মোটেও ভালোবাসেন না, তাদের মুখেও দারুণ লাগবে এর স্বাদ।
রেসিপিটি প্রকাশিত হয়, ০৫ ফেব্রুয়ারি ২০১৮













Bangladeshi Taka Converter