ভাতের পাতে গরম গরম শাক রান্না হলে বাঙালির বুঝি আর কিছুই লাগে না। কত রকমভাবেই এই শাক রান্না করে খাই আমরা। সেই আয়োজনের ভিড়ে প্রিয়.কম আজ নিয়ে এলো একেবারেই ভিন্নধর্মী একটি শাকের রেসিপি।
এই রান্নায় সাতকরা না দিলেও কোনো সমস্যা নেই। স্বাদ বাড়ানোর জন্য আরও থাকছে টমেটো ও চিংড়ি। সাদা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। খুব অল্প তেলে রান্না হবে স্বাস্থ্যকর লাল শাক। রেসিপি জানাচ্ছেন সায়মা সুলতানা।
যা লাগবে
লাল শাক আধা কেজি
চিংড়ি খোসা ছাড়ানো ১ কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
রসুন কুচি ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো আধা চা চামচ
মরিচ গুঁড়ো দেড় চা চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
লবণ স্বাদমতো
অল্প সাতকরা কুচি ১ চা চামচ পরিমাণ (না দিয়েও করতে পারেন)
চেরি টমেটো/টমেটো টুকরো আধা কাপ
তেল ৩ টেবিল চামচ
প্রণালি
—হাঁড়িতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন।
—হালকা বাদামি করে ভাজা হলে এতে সব গুঁড়ো মসলা, রসুন কুচি দিন।
—একদম অল্প পানি দিয়ে সাথে টমেটো টুকরো দিন। মসলা কষিয়ে নিন।
—এবার চিংড়ি মাছ আর অল্প সাতকরা কুচি (না দিয়েও করতে পারেন) দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।
—মসলা কষা হলে এতে শাক দিন।
—নাড়াচাড়া করে মসলার সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
—শাক থেকেই পানি উঠবে। যদি না ওঠে তাহলে অল্প পানি দিয়ে ঝোল করতে পারেন।
—এবার স্বাদমতো লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি ছিটিয়ে শাক সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করুন।
হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপিটি প্রকাশিত হয়, ০৫ মে ২০১৮
প্রিয়.কম













Bangladeshi Taka Converter