ঈদের সেমাই, জর্দা, পোলাওয়ের সাথে মাংসের কিছু পদ থাকবে না তা কী করে হয়? আর সাদামাটা চিকেন তো সব সময় খেয়েই আসছেন। এবার আপনার ঈদকে আরো স্বাদময় করে তোলার জন্য আজ আপনাকে জানাচ্ছি চিকেনের ভিনদেশি স্বাদের নয় পদের রেসিপি। আসুন তাহলে দেখে নেই রেসিপিগুলো।
![]() |
| আফগানি স্মোকি চিকেন |
১. আফগানি স্মোকি চিকেন
উপকরণ:
মুরগির রান নলাসহ- ৫ টুকরো(১ কেজি)
টক দই- আধা কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
চাট মসলা- ১ টেবিল চামচ
শুকনা মেথি পাতা- ১ টেবিল চামচ (হালকা টেলে নিলে ভালো হয়)
লবণ স্বাদমতো
লেবুর রস- ২ টেবিল চামচ
লাল মরিচের গুড়া- ১ চা চামচ
পানি- আধা কাপ
কয়লা- ১ টুকরা
তেল- ৩ টেবিল চামচ
প্রণালি: প্রথমে একটি বাটির মধ্যে টক দই, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, চাট মসলা, শুকনা মেথি পাতা, লবণ, লেবুর রস, লাল মরিচের গুড়া নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে কেচে নেওয়া মুরগির রান দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন।
এরপর এক টুকরা কয়লা ভালো করে জ্বালিয়ে মেরিনেড করা মাংসের উপর একটি বাটি দিয়ে এর মধ্যে কয়লার টুকরাটি রেখে এর উপর ১ টেবিল চামচ তেল দিয়ে মাংসের বাটিটি এক ঘণ্টার জন্যে ঢেকে রাখবেন।
১ ঘণ্টা পর কয়লার টুকরাটি ফেলে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিন।
এরপর একটি বড় ফ্রাইপ্যানে তেল দিয়ে এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট ফ্রাই করে উলটে দেবেন।
এরপর বাটিতে যা মসলা থাকবে মাংসের উপর ঢেলে দিয়ে আরো ৫ মিনিট ফ্রাই করবেন মিডিয়াম আঁচে।
এরপর পানি দিয়ে ১০ মিনিটের জন্য ছোট আঁচে ঢেকে রাখবেন।
১০ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বড় করে দিয়ে পানি হাল্কা শুকিয়ে নামিয়ে ফেলুন।
![]() |
| কেরালার স্টাইলে চিকেন ফ্রাই |
২. কেরালার স্টাইলে চিকেন ফ্রাই
উপকরণ :
মেরিনেট করতে লাগবে
মুরগির রানের পিস ৬টা( স্কিনসহ, অল্প করে চিড়ে নেয়া)
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ
আদা-রসুন বাটা ১ চা চামচ
বেসন ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
টক দই ২ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
লবণ স্বাদ মতো
সিজনিং-এর জন্য লাগবে
তেল ২ টেবিল চামচ
আস্ত সরিষা হাফ চা চামচ
মিহি কুচি আদা ১ চা চামচ
মিহি কুচি পেঁয়াজ ১/৪ কাপ
কারি পাতা কয়েকটা
টুকরো করা টমেটো ১/৪ কাপ
মিহি কুচি ধনিয়া পাতা গারনিশ এর জন্য
প্রণালি: প্রথমে একটা বাটিতে মুরগীর সাথে সাথে মেরিনেশন-এর সব উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।
-এবার একটা প্যান এ তেল দিয়ে তাতে একে একে আস্ত সরিষা, কারি পাতা, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন ২ মিনিট।
-এখন মেরিনেট করে রাখা মাংসের পিসগুলো দিন, সাথে টুকরা করা টমেটো দিয়ে ভালো করে নেড়ে কম আঁচে ঢাকনা লাগিয়ে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট।
-আমি এতে কোনো পানি দেই নি. এটা মাখা মাখা মশলা তেই রান্না হয়। মাংসটা ভুনে আসলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিন।
-একদম শুকনো ভাজা ভাজা হলে ভাত, পরোটা কিংবা পোলাও-এর সাথে পরিবেশন করতে পারেন।
![]() |
| থাই চিলি চিকেন |
৩. থাই চিলি চিকেন
উপকরণ :
মুরগির মাংস ছোট বা মাঝারি সাইজের টুকরা ২ কাপ
ক্যাপসিকাম স্লাইস ১ কাপ
ডিম ১টা, গোল মরিচ গুঁড়ো ১ চা চামচ
থাই চিলি সস ১ কাপ
কাঁচা মরিচ ৪/৫টি
কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ
পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ
আদা বাটা আধা চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
সয়াসস ৩ টেবিল-চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
তেল পরিমাণ মতো
লবণ স্বাদ মতো
প্রণালি :
প্রথমে মাংসের টুকরাগুলোর সাথে লেবুর রস, গোল মরিচ গুড়া, ডিম, আদা, রসুন, সয়া সস, চিলি সস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ১-২ মিনিট হালকা ভেজে নিন। এবার মসলাসহ মাংস দিয়ে দিন। ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করুন। মাঝারি আঁচে রান্না করবেন। মাংস রান্না হয়ে গেলে ক্যাপসিকাম ও কাঁচা মরিচ দিয়ে দিন। সব শেষে কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে মাংসে দিয়ে ক্রমাগত নেড়ে পাঁচ মিনিট রান্না করুন। ঘন হয়ে এলে নেড়ে নামিয়ে ফেলুন।
![]() |
| স্পাইসি চিকেন ললিপপ |
৪. স্পাইসি চিকেন ললিপপ
উপকরণ : (৪ জনের জন্য)
চিকেন উইং থেকে তৈরি করা ললিপপ ১৫ টি
(চিকেন উইং থেকে ললিপপ তৈরির জন্য মুরগির চামড়াসহ উইং পিস নিতে হবে। চামড়া সহ নিয়ে আপনার ললিপপগুলো বড় হবে। চামড়া ফেলে দিলেও কোন সমস্যা নেই)।
চিকেন উইং-এর তিনটি অংশ থাকে। ছোট রানের আকৃতি একটা হাড়, তারপর ডানা ও পাখনার ছোট টুকরো। প্রথমে এই পাখনার অংশটি কেটে ফেলে দিন।
এবার উইংটি দুভাগ করুন। অর্থাৎ রানের মতো হাড় ও ডানা দুটি দুভাগ করুন। এই দুটি থেকে দুটো ললিপপ হবে।
রানের মতো ছোট হাড়টি থেকে নিচের দিকের সমস্ত মাংস ও চামড়া চাকু দিয়ে চেঁছে ছাড়িয়ে নিন। হাত দিয়ে থেকে মাংসগুলো ওপরের দিকে তুলে ফেলুন। হাত দিয়ে চেপে ললিপপ আকৃতি দিন।
-ডানা দিয়ে ললিপপ তৈরি জন্য প্রথমে ডানার নিচের অংশে দুটি হাড়ের জয়েনট কেটে ফেলুন। তারপর ছোট ও চিকন হাড়টি একটু মোড়ান। দেখবেন হাড়টি খুলে চলে এসেছে। এবার বাকি মাংস ও চামড়া দিয়ে আগের মত করেই তৈরি করে ফেলুন ললিপপ।
ডিম ১ টি
কর্ণ ফ্লাওয়ার আধা কাপ (প্রয়োজনে আরও বেশী দেয়া যাবে)
গোল মরিচগুঁড়ো ১ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
সয়াসস ১ টেবিল চামচ
স্বাদ লবণ সামান্য
লবণ সামান্য
তেল ভাজার জন্য
প্রনালি : চিকেন ললিপপগুলোকে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রাখুন। কমপক্ষে ২ ঘণ্টা। তারপর ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। এমনভাবে ভাজবেন যেন ভেতরে সিদ্ধ হয় আর বাইরে গোল্ডেন ব্রাউন হয়।
চিকেন ললিপপে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে এর সস। তাই জেনে নিন কিভাবে তৈরি করবে এই সস।
আপনার প্রিয় যে কোন ফ্লেভারের বারবিকিউ সস ১/২ কাপ
১ কোয়া রসুন সদ্য মিহি করে ছেঁচে নেয়া
চিলি সস ১ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
চিনি স্বাদ মতো
সামান্য একটু লেবুর রস
চিকেন ষ্টক অল্প (যেটুকু পাতলা করতে লাগবে)
এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। বেশি ঘন মনে হলে চিকেন ষ্টক মিশিয়ে পাতলা করুন। চুলায় দিয়ে জাল দিন। ফুটে উঠলেই তৈরি আপনার সস। এবার গরম গরম চিকেন ললিপপের ওপরে এই সস ছড়িয়ে পরিবেশন করুন। এভাবেই ঘরে বসেই বানাতে পারেন মজাদার স্পাইসি চিকেন ললিপপ।
![]() |
| চিকেন চিলি উইথ অনিয়ন |
৫. চিকেন চিলি উইথ অনিয়ন
উপকরণ :
হাড় ছাড়া মুরগি ১ কাপ (জুলিয়ান কাট) (একটু লম্বা চিকোন করে কাটা)
কাঁচামরিচ ফালি ১/২ কাপ
ক্যাপসিকাম ১/২ কাপ
রসুন কুচি দেড় টেঃ চামচ
কর্ণফ্লাওয়ার ২ টেঃ চামচ
ময়দা ১ টেঃ চামচ
ডিম অর্ধেক
পেঁয়াজ (লেয়ার) ১ কাপ
লবণ স্বাদমতো
চিনি ১ চা চামচ
তেল ভাজার জন্য পরিমাণমত
প্রনালি : মুরগির মাংস, লবণ, ময়দা, ১ চা চামচ কর্ণফ্লাওয়ার অর্ধেক ফেটানো ডিম দিয়ে মেখে নিন।
মাংস তেলে বেশি আঁচে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন যেন মাংস একটার সাথে আরেকটা লেগে না থাকে।
অন্য একটা কড়াইতে ২ টেবিল চামচ তেল দিন।
রসুন কুচি লাল করে ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ ও ক্যাপসিকাম ফালি দিন। আঁচ বাড়িয়ে স্টার ফ্রাই করুন।
মুরগির মাংস দিয়ে নেড়ে ১ কাপ পানি দিন।
চিনি ও লবণ দিয়ে ভালভাবে নাড়ুন। এভাবে ২ মিনিট রান্না করুন।
বাকি কর্ণফ্লাওয়ার গুলে দিয়ে গ্রেভী হলে নামিয়ে ফেলুন।
ব্যস, গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন চিলি উইথ অনিয়ন।
![]() |
| লাহোরি চিকেন |
৬. লাহোরি চিকেন
উপকরণ:
আস্ত মুরগি ১ টি,
লেবুর রস ২ টেবিল চামচ,
টক দই ১/৪ কাপ,
টমেটো সস ২ টেবিল চামচ,
আদা বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
তন্দুরি মসলা ২ টেবিল চামচ,
মরিচ গুঁড়ো ২ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১চা চামচ,
ভাজা জিরে গুঁড়ো ১চা চামচ,
ঘি ১/৪কাপ।
প্রণালি : মুরগি ভাল করে ধুয়ে পরিস্কার করে রাখুন। চিকেনেক বুকে ছুরি দিয়ে হাল্কা করে দাগ কেটে দিন। যাতে ম্যারিনেটের মশলা চিকেনের ভেতর পর্যন্ত যেতে পারে। উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গোটা মুরগিতে মাখিয়ে নিন। কমপক্ষে ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। স্টিম করার ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিন।
একটি বড় কড়াই কিংবা পাতিলে পানি ফুটাতে দিন। ফুটে উঠলে মশলা মাখা মুরগিটি ভাপিয়ে নিন। মাঝারি তাপে ৩০ মিনিট সিদ্ধ করুন।
পরিবেশনের আগে কড়াইতে ১/২ লিটারের মত তেল দিন। তেল ফুটে উঠলে স্টিম করা মুরগি দিয়ে অল্প আঁচে ভাজুন। উপরে ঘি ব্রাশ করুন। নান, রায়তা আর স্যালাডের সঙ্গে পরিবেশন করুন।
![]() |
| ইটালিয়ান চিকেন পারমেজান |
৭. ইটালিয়ান চিকেন পারমেজান
উপকরণ :
হাড়ছাড়া মুরগির বুকের মাংস ২টি
ব্রেডক্রাম ১.৫ কাপ
পারমেজান চিজ ৩/৪ কাপ
ময়দা ১/২ কাপ
লবণ ১ চা চামচ/স্বাদ মতো
গোলমরিচ ১/২ চা চামচ
ডিম ২টি
অলিভ অয়েল পরিমাণ মতো (যত কম ব্যবহার করা যায়)
মারিনারা সস (ইটালিয়ান সস)
মোজারেলা চিজ ১ কাপ
পাস্তা, স্পেগেটি বা নুডলুস পরিমাণ মতো
প্রণালি : প্রথমে মুরগি মাংসের টুকরো দুটি অর্ধেক করে কেটে নিন। এরপর মুরগির মাংসের টুকরো কিচেন হ্যামার বা ভারী কিছু দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে নিন।
একটি পাত্রে ময়দা, লবণ এবং গোল মরিচ মিশিয়ে নিন। আরেকটি পাত্রে ব্রেডক্রাম এবং ১/৪ কাপ পারমেজান চিজ ভাল করে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে ডিম ফেটে রাখুন।
এখন মুরগির টুকরো প্রথমে ময়দায়, তারপর ডিমে এবং তারপর ব্রেডক্রামে জড়িয়ে ১৫ মিনিট রাখুন।
একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে মুরগির মাংস দিয়ে ২ মিনিট ভাজুন।
এবার বেকিং ট্রেতে ভাজা মুরগির মাংসের উপর মারিনারা সস, মোজারেলা চিজের কুচি, পারমেজান চিজ কুচি দিয়ে দিন।
৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট ওভেনে এটি ২০-৩০ মিনিট বেক করুন। চিজ গলে নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন।
পছন্দের পাস্তা অথবা স্প্যাগেটির সাথে পরিবেশন করুন মজাদার চিকেন পারমেজান।
বাড়িতে অভেন না থাকলে পেনেই করতে পারবেন। সে ক্ষেত্রে সব রেডি করে প্যানে দিয়ে, চুলার আঁচ একদম কমিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
![]() |
| পেরি পেরি চিকেন |
৮. পেরি পেরি চিকেন
উপকরণ :
একটি আস্ত মুরগি (চামড়াসহ)
৪-৬টি পাকা লাল বম্বে মরিচ (নাগা মরিচ), আরো বেশিও দিতে পারেন ঝালপ্রেমীরা
একটি মাঝারি আকৃতি লেবুর রস
একটি বড় লাল কাপসিকাম
৪-৫টি রসুনের কোয়া
২ টেবিল চামচ পাপরিকা পাউডার (যেকোনো সুপার শপে পাওয়া যায়)
১ টেবিল চামচ অরিগেনো
৪ টেবিল চামচ সাদা ভিনেগার
১ চা চামচ গোলমরিচের গুঁড়া
১/২ কাপ অলিভে অয়েল বা নরমাল সয়াবিন তেল
২ চা চামচ লবণ অথবা স্বাদ মতো
১/২ লাল মরিচের গুঁড়া (ইচ্ছে মতো)
প্রণালি :
সব মশলা ব্লেন্ডারে পিষে নিতে হবে তেল দিয়ে। মিহি পেস্ট হবে।
মুরগি ভালো মতো ধুয়ে ৪ টুকরো করে (চাইলে দু টুকরো করতে পারেন বা আস্ত রেখে মাঝখান থেকে চিরে ছড়িয়ে নিতে পারেন) ব্লেন্ড করা সব মসলা ভালো মতো মুরগির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় মুরগিকে ভালো করে ম্যাসাজ করুন।
এরপর এটিকে ৩-৪ ঘণ্টা মেরিনেট করার জন্য ঠাণ্ডা জায়গায় রেখে দিন। সারা রাত রাখতে পারলে আরো ভালো।
এরপর কয়লার আগুনে গ্রিল করে নিন সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিতে পারেন। গ্রিল চাইলে চুলা কিংবা ইলেকট্রিক গ্রিলারেও করতে পারেন। আবার চাইলে ওভেনে বেকও করে নিতে পারেন। যাদের কোনোটাই নেই, তারা চুলায় সেঁকে নেবেন।
ব্যাস, তৈরি আপনার পেরি পেরি চিকেন। পরিবেশন করুন সুইট বা সওয়ার চিলি সসের সাথে।
![]() |
| স্পাইসি চিকেন উইথ রেড হট গ্রেভি |
৯. স্পাইসি চিকেন উইথ রেড হট গ্রেভি
উপকরণ :
মুরগীর মাংস ১ কেজি
প্রায় ৪০০ গ্রাম টকদই
৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা
৪ চা চামচ আদা-রসুন বাটা
৩ চা চামচ মরিচ গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ ঘি
সরিষার তেল স্বাদমতো (ইচ্ছে হলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন)
১ চা চামচ জিরা গুঁড়ো
লবণ স্বাদমতো
আধা চা চামচ চিনি
শুকনো মরিচ ৫/৬টি
ধনে পাতা কুচি (ইচ্ছা)
প্রণালি: একটি বাটিতে টকদই, চিনি, লবণ, শুকনো মরিচ গুঁড়ো ২চা চামচ একসাথে মিশিইয়ে ভালো করে ফেটিয়ে আলাদা করে রাখুন।
একটি প্যানে তেল গরম করুন, এতে দিন পেঁয়াজ বাটা। হালকা লালচে হয়ে এলে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো ও বাকি মরিচগুঁড়ো দিয়ে মসলা কষে নিন।
মসলা কষে এলে এতে কেটে ধুয়ে রাখা মুরগীর মাংস দিয়ে দিন। ও খানিকক্ষণ কষিয়ে নিন। অল্প একটু ঝোল দিয়ে মাংস রান্না করতে থাকুন।
মুরগীর মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে এতে ফেটে রাখা দইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল প্রায় মাখা মাখা হয়ে এলে আগুনের আঁচ থেকে নামিয়ে রাখুন।
আরেকটি প্যানে ঘি দিয়ে গরম করে এতে শুকনো মরিচ দিয়ে খানিকক্ষণ ভেজে নিন। তারপর এটি মাংসের উপর ছড়িয়ে দিয়ে উপরে ছিটিয়ে দিন জিরা গুঁড়ো ও ধনে পাতা। অথবা ভাজা সাদা তিল ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ২ মিনিট। ব্যস, এবার পরিবেশন করুন মুরগীর মাংসের একেবারে ভিন্ন পদ ‘স্পাইসি চিকেন উইথ রেড হট গ্রেভি’।
রেসিপিটি প্রকাশিত হয়, ১০ জুন ২০১৮






















Bangladeshi Taka Converter