উপকরণ লাগবে:
আধা কেজি দুধ, ১টি ডিম,
দু’জন খাওয়ার মতো লাচ্ছা বা লম্বা সেমাই,
চিনি পরিমাণ মতো,
এলাচ ও দারচিনি যতোটুকু প্রয়োজন মনে করেন
পরিবেশনের জন্য কিসমিস, বাদাম ও চেরি।
প্রণালি: একটি হাড়িতে দুধটুকু নিয়ে ভালো মতো গরম করুন। দুধ ফুটে উঠলে আগুনের আঁচ কমিয়ে হাড়িতে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিন। এবার হাড়ির দুধ খুব ভালোভাবে নেড়ে ডিম ভালো মতো মিশিয়ে দিন। ডিম মেশানোর পর চিনি, দারচিনি, এলাচ দিন দুধে।
সবকিছু একটু গরম হওয়ার পর সেমাই দিতে হবে। লাচ্ছা সেমাই হলে সোজা দুধের হাড়িতে ঢেলে দিন। তারপর দুধটাকে একটু ফুটিয়ে নামিয়ে ফেলুন।
আর লম্বা সেমাই হলে আগে একটি পাতিলে ঘি কিংবা সয়াবিন তেল ঢেলে একটু লাল লাল করে ভেজে নিন। এরপর ভাজা সেমাই গরম দুধের হাড়িতে ঢেলে একটু ফুটিয়ে হাড়ি নামিয়ে আনুন। ব্যস, হয়ে গেলো আপনার ডিম সেমাই।
পরিবেশনের আগে একটু ঠাণ্ডা করে ছোটো বাটিতে নিয়ে নিন। সেমাইর ওপরে কিসমিস, বাদাম, চেরি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।
রেসিপিটি প্রকাশিত হয়, জুন ০৯, ২০১৮













Bangladeshi Taka Converter